পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার (৩০ মার্চ) ভোর ছয়টা থেকে বৃহস্পতিবার (৩১ মার্চ) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার ও মাদকদ্রব্য জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৩১ মার্চ) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, গ্রেফতারের সময় তাদের হেফাজতে থাকা ১ হাজার ৫৫৪ পিস ইয়াবা, ৮০ গ্রাম (১১১ পুরিয়া) হেরোইন, ৫৪ কেজি ৪৪৫ গ্রাম গাঁজা ও ৬০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।


