পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ ১২৪ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (১৯ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন আজ সকালে এসব তথ্য জানিয়েছেন।
ফারুক হোসেন বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে আজ শুক্রবার ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ১২৪ জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৬ হাজার ৯৫৪ পিস ইয়াবা, ১৯৬ গ্রাম (৩০১ পুরিয়া) হেরোইন, ৬৮ কেজি ৬৯০ গ্রাম (১৬০ পুরিয়া) গাঁজা, ২০টি নেশা জাতীয় ইনজেকশন ও ১০০ গ্রাম আইস জব্দ করা হয়।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৯২টি মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


