নিজস্ব প্রতিবেদক ● জঙ্গিবিরোধী অভিযান নিয়ে প্রশ্ন তুলে কিছু রাজনৈতিক নেতার দেওয়া বক্তব্য জঙ্গিবাদকে উৎসাহিত করবে বলে মনে করেন পুলিশের মহাপরিদর্শক একে এম শহীদুল হক। রবিবার সিলেটে জঙ্গিবিরোধী অভিযানে নিহত দুই পুলিশ কর্মকর্তার পরিবারকে সম্মাননা ও আর্থিক অনুদান দেওয়ার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শহীদুল হক বলেন, সাম্প্রতিক সময়ে কিছু রাজনৈতিক নেতার দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষিত হয়েছে। বাংলাদেশ পুলিশের বীর সদস্যদের জঙ্গিবিরোধী অভিযানকে প্রশ্নবিদ্ধ করার এ জাতীয় অপপ্রয়াস বাংলাদেশ পুলিশ এবং দেশবাসী দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখান করছে। বুঝে বা না বুঝে দায়িত্বশীল ব্যক্তি বা সংগঠনের এ জাতীয় বক্তব্য জঙ্গিবাদকেই উৎসাহিত করবে। দায়িত্বজ্ঞানহীন, মনগড়া, অলীক ও অসত্য বক্তব্য না দিতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, কারো সন্দেহ থাকলে সরাসরি আমাদের কাছে আসতে পারেন।
২৫ মার্চ জঙ্গি অভিযান পরিচালনাকালে বোমা বিস্ফোরণে পুলিশ পরিদর্শক চৌধুরী মোহাম্মদ আবু কয়ছর ও মোহাম্মদ মনিরুল ইসলামসহ সাতজন নিহত হন। পুলিশ সদরদপ্তরে এ অনুষ্ঠানে দুই কর্মকর্তার পরিবারকে মোট ৪৮ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়। অনুষ্ঠানে অবু কয়ছরের স্ত্রী ছায়রা ফারহানা চৌধুরী লোপার হাতে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র ও নগদ ৪ লাখ টাকা; মোহাম্মদ মনিরুল ইসলামের স্ত্রী পারভীন আক্তারের হাতে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র ও নগদ দুই লাখ টাকা এবং মনিরুলের মা ফিরোজা খাতুনের হাতেও ১০ লাখ টাকার সঞ্চয়পত্র ও নগদ দুই লাখ টাকা তুলে দেন পুলিশ প্রধান। অতিরিক্ত আইজিপি মো. মইনুর রহমান চৌধুরী এবং সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া এ সময় উপস্থিত ছিলেন।


