পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটি বগুড়া বাস টার্মিনালে হামলার আসামিকে গ্রেপ্তার, অতিরিক্ত জেলা প্রশাসককে অপসারণ এবং মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের ওপর মামলা তুলে না নিলে ৮ মার্চ থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে মালিক-শ্রমিক যৌথ কমিটি শহরের একটি হোটেলে এই ঘোষণা দেয়। বৈঠকে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির কার্যকরী সভাপতি রফিকুল ইসলাম।
বহিরাগত চিহ্নিত সন্ত্রাসীদের দ্বারা অবৈধভাবে বগুড়া মোটর মালিক গ্রুপের কার্যালয় ও বাস টার্মিনাল দখল এবং নির্বাচিত কমিটিকে উৎখাতের চেষ্টা, অগ্নিসংযোগ, গাড়ি ভাঙচুর এবং মালিক ও শ্রমিকদের ওপর সশস্ত্র হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদে সভার আয়োজন করে বগুড়া জেলা পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটি। এসময় আটককৃত শ্রমিকদের মুক্তি দাবি করা হয়। এর পাশাপাশি গাড়ি, অফিস ও মোটরসাইকেলে আগুন দেওয়ার ক্ষতিপূরণেরও দাবি করা হয়।
এর আগে গত ৮ ফেব্রুয়ারি কেন্দ্রীয় টার্মিনালে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে এক পুলিশ ও এক সাংবাদিকসহ আহত হন ১০ জন। পুলিশের মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন ও যুবলীগ নেতাসহ অনেককে আসামি করা হয়।

/এএ


