পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। বর্তমানে কিছুটা শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়ে সেটি অবস্থান করছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে।
আবহাওয়া বিভাগ বলছে, এর প্রভাবে আকাশ কিছুটা মেঘলা হতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি বাড়তে পারে রাতের তাপমাত্রা।
আবহাওয়াবিদ আব্দুল মান্নান বুধবার (১০ নভেম্বর) রাতে এসব তথ্য জানিয়ে বলেন, সাধারণত হেমন্তকালে এ ধরনের আবহাওয়া বিরাজ করে। অর্থাৎ দিনের বেলা নাতিশীতোষ্ণ, আর রাতে কখনও কখনও তাপমাত্রা বেশি থাকে। কখনও কখনও আবার তাপমাত্রা কমে একেবারে ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাবে।
আবহাওয়ার দীর্ঘ মেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, লঘুচাপের কারণে চলতি নভেম্বর মাসে একটি বা দুটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে। পাশাপাশি তাপমাত্রা কমতে শুরু করবে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩১ দশমিক ৬, চট্টগ্রামে ৩২ দশমিক ৫, ময়মনসিংহে ৩১ দশমিক ৩, রাজশাহীতে ৩০ দশমিক ৮, সিলেটে ৩১ দশমিক ৯, খুলনায় ৩১ দশমিক ৮, বরিশালে ৩১ দশমিক ৮ এবং রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। বর্তমানে সেটি অবস্থান করছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ আকারে। এর একটি বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত।
এতে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায়। সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সামান্য বাড়তে পারে সারাদেশের রাতের তাপমাত্রা। অবশ্য দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।


