রাশিয়াজুড়ে বিক্ষোভ ৩ হাজারের বেশি গ্রেফতার

রাশিয়াজুড়ে বিক্ষোভ ৩ হাজারের বেশি গ্রেফতার

রাশিয়াজুড়ে বিক্ষোভ ৩ হাজারের বেশি গ্রেফতার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাশিয়ায় তিন হাজরের অধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তারা দেশটির বিরোধী নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক আলেক্সি নাভালনিকে গ্রেফতারের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ করেন। খবর আলজাজিরার। সারাদেশে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশগুলো পণ্ড করে দেয় পুলিশ। এ সময় নাভালনির স্ত্রীকেও গ্রেফতার করা হয়। একটি পর্যবেক্ষক দল দাবি করে, কয়েক হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে। গত শনিবার থেকে এই বিক্ষোভ শুরু হয়।

দেশটির কর্তৃপক্ষ জনগণকে এই বিক্ষোভ থেকে দূরে থাকার বিষয়ে সতর্ক করেছিল। তারা বলেন, এর ফলে করোনার সংক্রমণ ছড়াতে পারে। এছাড়াও অননুমোদিত সমাবেশে যোগ দেওয়ার কারণে মামলাসহ জেল-জরিমানাও হতে পারে। কিন্তু প্রতিবাদকারীরা এই নিষেধাজ্ঞা অস্বীকার করে তীব্র ঠান্ডার মধ্যে সমাবেশ আয়োজন করেন। প্রতিবাদ পর্যবেক্ষণকারী গ্রুপ ওভিডি-ইনফো জানিয়েছে, সারাদেশ থেকে অন্তত তিন হাজার ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে রাজধানী মস্কো থেকে একহাজার ৯৯ জন এবং সেন্ট পিটার্সবার্গে অন্তত ৩৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে। ১১০টি শহর ও নগরীতে অনুষ্ঠিত সমাবেশ থেকে তাদের গ্রেফতার করা হয়।

এদিকে নাভালনির স্ত্রী ইউলিয়াকেও সমাবেশ থেকে গ্রেফতার করা হয়েছে। এর আগে ইনস্টাগ্রামের এক পোস্টে তিনি বলেছিলেন, তিনি মস্কোর প্রতিবাদে যোগ দেবেন। তিনি বলেন, ‘নিজের জন্য, তার জন্য, আমাদের বাচ্চাদের জন্য, আমরা যে মূল্যবোধ এবং আদর্শের কথা বলি তার জন্য।’

নগরীর মেয়র সের্গেই সোবায়ানিন বলেছিলেন, মহামারিকালে সমাবেশের ডাক দেওয়া ‘অগ্রহণযোগ্য’। তাই জনগণের শৃঙ্খলা নিশ্চিত করতে পুলিশ ব্যবস্থা নেবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি। বিরোধীদলের সমর্থক ও স্বাধীন সাংবাদিকদের বিক্ষোভের বিষয়ে সতর্ক করেছে দেশটির পুলিশ। একইসঙ্গে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ না নেওয়ার জন্যও সতর্ক করা হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের দায়ে নিয়ম অনুযায়ী বিভিন্ন ব্যবস্থাসহ বহিস্কার পর্যন্ত করা হতে পারে।

এদিকে অনেকই নাভালিনের সমর্থনে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। দেশটির কিশোর-কিশোরীরা নাভালিনকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে টিকটকে হাজার হাজার ভিডিও পোস্ট করেছে। এই প্ল্যাটফর্মটি বর্তমান সময়ে দেশটিতে রাজনৈতিক প্রতিবাদ জানানোর মাধ্যম হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে। রাশিয়ার ওয়াচডগ মিডিয়া সর্তক করে জানিয়েছে, অনলাইন প্ল্যাটফর্মগুলো এই সমাবেশের প্রচার করে বিশৃঙ্খলা সৃষ্টিতে ভূমিকা রাখলে তাদের বিরুদ্ধে মোটা অঙ্কের জরিমানা করা হবে। এছাড়াও বিভিন্ন শহরে বিক্ষোভ সংগঠিত করা জন্য স্থানীয় জনপ্রিয় সামাজিক মাধ্যম ভি কেন্টাক্টে তৈরি করা গ্রুপগুলোও ব্লক করে দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *