রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবে আওয়ামী লীগ

রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবে আওয়ামী লীগ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে আজ বিকাল ৪টায় সংলাপে অংশ নিতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর মাসব্যাপী সংলাপ প্রক্রিয়ার সমাপ্তি ঘটতে যাচ্ছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সংলাপে অংশ নেবেন।

এ সময় দলীয় প্রধানের সঙ্গে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক এবং আব্দুর রহমান।

এর আগে ২০১৭ সালের ১১ জানুয়ারি ইসি গঠনে রাষ্ট্রপতির ডাকা সংলাপে অংশ নেয় আওয়ামী লীগ। সেবার দলের সভাপতি শেখ হাসিনাসহ ১৯ নেতা সংলাপে অংশ নেন। ওই সংলাপে আওয়ামী লীগের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে চার দফা প্রস্তাব দেওয়া হয়। এর মধ্যে জাতীয় নির্বাচনে ই-ভোটিং চালু ও ইসি গঠনে আইন প্রণয়নের কথা ছিল। তবে নির্বাচনে ই-ভোটিং চালু হলেও গত পাঁচ বছর রাষ্ট্রক্ষমতায় থাকলেও এ আইন প্রণয়ন হয়নি।

আগামী ১৪ ফেব্রুয়ারি কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে। নতুন কমিশন গঠনের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গত ২০ ডিসেম্বর শুরু হওয়া সংলাপে ৩২টি দলকে আমন্ত্রণ জানানো হয়। এদের মধ্যে বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, বাসদ, জেএসডিসহ কয়েকটি দল সংলাপে অংশ না নেওয়ার ঘোষণা দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *