পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জীবনের প্রতিটি ক্ষণেই রাসুল সা. কে স্মরণ করতে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
তিনি বলেন, শুধু ১২ই রবিউল আউয়াল নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মূহুর্তে রাসুল সা. কে স্মরণ করতে হবে। কারণ আল্লাহ তাআলা তাঁর খুশি-অখুশি, প্রিয়-অপ্রিয় সবকিছু রাসুল সা. এর সাথে জুড়ে রেখেছেন। তাঁর আমালের সাথে আল্লাহর খুশির সম্পর্ক, তাঁর কাজের সাথে আল্লাহর সন্তুষ্টির সম্পর্ক। তাই আমাদের দৈনন্দিন কার্যক্রম যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করতে চাই তবে রাসুল সা. কে স্মরণ করতেই হবে।
শুক্রবার (০৯ অক্টোবর) খিলগাঁও হাজীপাড়া ঝিল মসজিদে জুমার বয়ানে তিনি এসব বলেন।
দিবস নির্ধারণ করে রাসুল সা. এর স্মরণ বেদআত অভিহিত করে বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান বলেন, নির্দিষ্ট দিন নির্ধারণ করে রাসুল সা. এর স্মরণ আদৌ রাসুলের স্মরণ নয়, বরংচ এটা ইহুদি নাসারাদের স্মরণ হিসাবে ধর্তব্য। কারণ তারা শুধু বছরের গোণা কয়েকটা দিনেই এই মহব্বত দেখায়, বাকি বছর কোন খবর থাকে না। তাই দিবস ঠিক করে রাসুল সা. এর প্রতি ভালোবাসা দেখানো ইহুদি-নাসারাদের প্রতি ভালোবাসা দেখানোর নামান্তর।
শাইখুল হাদিস আরও বলেন, বেদআতকারী ও দ্বীনে ইসলামের মধ্যে পরিবর্তনকারীদেরকে রাসুল সা. কেয়ামতের দিন উম্মত পরিচয় দিবেন না। হাউযে কাউসার থেকে বেদআতকারীকে পানি পান করানো হবে বলেও তিনি জানান।
আল্লামা মাসঊদ বলেন, রাসুল সা. আমাদের জীবনের সাথে এতো ঘনিষ্টভাবে জড়িত ও সম্পৃক্ত যতটা আর কেউ না। আমাদের চলা-ফেরা, হাটা-বসা, খাওয়া-দাওয়া, ঘুম ইত্যাদি সবকিছুতে রাসুল সা. এর তেমন সম্পর্ক, যেমন শ্বাস-প্রশ্বাসের সম্পর্ক মানুষের সাথে।
/এএ


