রেমিট্যান্সে নতুন মাইলফলক বাংলাদেশের

রেমিট্যান্সে নতুন মাইলফলক বাংলাদেশের

পাথেয় টোয়েন্টিফর ডটকম : বিশ্বব্যাপী করোনা মহামারির মধ্যেও প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সে একের পর এক রেকর্ড সৃষ্টি করছে বাংলাদেশ। কেন্দ্রীয় ব্যাংকের দেয়া তথ্যমতে, এবার ২৪ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়েছে প্রবাসী আয়।

সোমবার (২১ জুন) এ তথ্য জানিয়ে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তরা ​আশা করছেন, ৩০ জুন শেষ হতে যাওয়া ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্সের পরিমাণ ২৫ বিলিয়ন ডলারের মাইলফলক স্পর্শ করবে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরের ১১ মাস ১৭ দিনে ২ হাজার ৪০৮ কোটি ১৭ লাখ (২৪.০৮ বিলিয়ন) ডলার রেমিট্যান্স এসেছে দেশে। এর আগে দেশের ইতিহাসে কোনো অর্থবছরে এত রেমিট্যান্স আসেনি।

জানা গেছে, জুনে ১৭ দিনে রেমিট্যান্স এসেছে ১২৪ কোটি ৪৮ লাখ ডলার। বাকি ১৩ দিনে আরো ৯২ কোটি ডলার পাওয়ার আশা করা হচ্ছে। সে হিসাবে ২৫ বিলিয়ন বা ২ হাজার ৫০০ কোটি ডলারের রেকর্ড তৈরি হবে এবার।

এর আগে গত মে মাসে ব্যাংকিং চ্যানেলে ২১৭ কোটি ১১ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে। যার মধ্যে প্রথম ২০ দিনে ১৫৮ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ডলারের রেকর্ড তৈরি হয়। গেলোবারের পুরো মে মাসে (৩১ দিন) এর পরিমাণ ছিল ১৫০ কোটি ৪৬ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, এপ্রিলে মোট ২০৬ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত বছর এপ্রিলে যা ছিল ১০৯ কোটি ডলার।

মহামারির মধ্যে এই অর্থবছরের শুরুতে রেমিট্যান্স প্রবাহ উচ্চ থাকলেও পরে তা আস্তে আস্তে কমতে থাকে। তবে গত মার্চ মাস থেকে ফের বাড়তে থাকে প্রবাসী আয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, বরাবরের মতোই ঈদ উপলক্ষে প্রবাসীরা অন্য মাসের তুলনায় একটু বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন। পাশাপাশি বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ চলায় আত্মীয়-স্বজনের চিকিৎসা বা অন্যান্য ব্যয়ের জন্য অতিরিক্ত অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *