রোহিঙ্গাদের এক হাজার দোকান উচ্ছেদ

রোহিঙ্গাদের এক হাজার দোকান উচ্ছেদ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে প্রায় এক হাজার দোকান ভেঙে দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শুক্রবার (১০ ডিসেম্বর) এএফপি’র এক প্রতিবেদনে বলা হয়, এই পদক্ষেপের কারণে শরণার্থীদের জীবিকার ওপর “বিশাল প্রভাব” পড়বে। বৃহস্পতি ও শুক্রবার কক্সবাজার এলাকার বেশ কয়েকটি ক্যাম্পে সংশ্লিষ্ট কর্মকর্তারা বুলডোজার দিয়ে রোহিঙ্গাদের দোকান উচ্ছেদ করেন।

এ সময় সময় শত শত রোহিঙ্গা উচ্ছেদস্থলে জড়ো হয়। দোকান হারিয়ে তাদের কেউ কেউ কান্নায় ভেঙে পড়ে। আবার অনেক দোকান-মালিক তাদের মালামাল উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে।

ডেপুটি রিফিউজি কমিশনার শামসুদ দৌজা বলেন, “কর্তৃপক্ষ সব ক্যাম্পেই অবৈধ দোকান উচ্ছেদ করছে। ইতোমধ্যে প্রায় এক হাজার অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।”

তিনি জানান, রোহিঙ্গাদের আশ্রয়কেন্দ্র নির্মাণের লক্ষ্যে অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে।

এ বিষয়ে শিবিরের পরিস্থিতি পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক অধিকার সংস্থার এক গবেষক বলেন, “কর্তৃপক্ষ রোহিঙ্গাদের বঙ্গোপসাগরের ভাসানচর দ্বীপে যেতে রাজি করানোর জন্য তাদের দোকানগুলো ভেঙে দিচ্ছে।”

নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, “হাজার হাজার উদ্বাস্তু এই দোকানগুলো দিয়ে জীবিকা নির্বাহ করার চেষ্টা করছিল। এটি তাদের জীবিকার উপর ব্যাপক প্রভাব ফেলবে।”

উল্লেখ্য, প্রায় সাড়ে আট লাখ রোহিঙ্গা সারা দেশের ৩৪টি শিবিরে দিন কাটাচ্ছে। যাদের অধিকাংশই ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর নির্যাতনের হাত থেকে পালিয়ে বাংলাদেশে এসেছিল।

এদের মধ্যে এ পর্যন্ত প্রায় ১৯ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরিত করা হয়েছে। শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ বিশ্ব দরবারে প্রশংসিত হলেও, অধিকার সংস্থাগুলো শরনার্থী শিবিরে বিধিনিষেধ এবং বন্যাপ্রবণ দ্বীপে শরনার্থীদের স্থানান্তরের জন্য কর্তৃপক্ষের সমালোচনাও করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *