রোহিঙ্গারা দেশে না ফেরায় বাংলাদেশকেই দায়ী করল মিয়ানমার

রোহিঙ্গারা দেশে না ফেরায় বাংলাদেশকেই দায়ী করল মিয়ানমার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সব আয়োজনের পরেও ভেস্তে গেছে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার কার্যক্রম। এ ঘটনার পেছনে বাংলাদেশকেই দায়ী করেছে মিয়ানমার। যদিও রোহিঙ্গারা বলছেন তাদের নাগরিকত্বসহ বেশ কয়েকটি দাবি না মেনে নিলে তারা ফিরবেন না।

মিয়ানমার এবারও প্রত্যাবাসন শুরু করতে না পারায় বাংলাদেশকেই দায়ী করেছে। অথচ রোহিঙ্গারা তাদের নিজ দেশে ফেরার জন্য যেসব দাবি জানিয়েছে সেগুলোর ব্যাপারে মিয়ানমার নিশ্চুপ।

ফেরার মতো পরিবেশ সৃষ্টি না করেই গত বৃহস্পতিবার (২২ আগস্ট) প্রত্যাবাসন শুরু করার অপেক্ষায় ছিল মিয়ানমার। আর সম্ভাব্য প্রত্যাবাসন ব্যর্থ হওয়ার দায় এড়ানোর সর্বাত্মক চেষ্টা ছিল বাংলাদেশের। বৈশ্বিক চাপ কমানোর কৌশল হিসেবে ‘লোকদেখানো প্রত্যাবাসন’ নাটক মঞ্চস্থের জন্য সীমান্তে উপস্থিত ছিলেন মিয়ানমারের সমাজকল্যাণ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী উইন মিয়াত আয়েসহ অন্য কর্মকর্তারা।

আস্থার অভাবে একজন রোহিঙ্গাও সেদিন না ফেরায় প্রত্যাবাসন শুরু করার উদ্যোগ ভেস্তে যায়। রাখাইন রাজ্যের মংডু টাউনশিপের প্রশাসক নুয়ে তুন বলেন, রোহিঙ্গারা বাংলাদেশ থেকে কেন ফিরছে না তা তাঁরা জানেন না।

এদিকে রোহিঙ্গা সংকটে যৌথ সাড়াদান পরিকল্পনার আওতায় গত বছরের কার্যক্রম নিয়ে সম্প্রতি প্রকাশিত জাতিসংঘ প্রতিবেদনেও বলা হয়েছে, রোহিঙ্গাদের ফেরার মতো পরিবেশ এখনো মিয়ানমারে সৃষ্টি হয়নি। বরং সেখানে সংঘাতের কারণে পরিস্থিতির আরো অবনতি হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *