রোহিঙ্গা সংকটে নতুন আন্তর্জাতিক রোডম্যাপ

রোহিঙ্গা সংকটে নতুন আন্তর্জাতিক রোডম্যাপ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে রোহিঙ্গা মুসলিম ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের নিয়ে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের সম্মেলন আবারও বিশ্বদৃষ্টি আকর্ষণ করেছে। সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো সংকট সমাধানে সমন্বিত, কার্যকর ও সময়সীমাবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছে।

মানবিক সঙ্কট ও মূল কারণ

আলোচনায় বক্তারা রাখাইন রাজ্যের ভয়াবহ মানবিক পরিস্থিতি এবং শরণার্থীদের দুরবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাদের মতে, নাগরিকত্ব থেকে বঞ্চনা, রাষ্ট্রীয় বৈষম্য ও দীর্ঘমেয়াদি দমননীতির সমাধান ছাড়া রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন সম্ভব নয়। জাতিসঙ্ঘ মহাসচিবের পক্ষ থেকে জানানো হয়, রোহিঙ্গা সংকট কোনো এক দেশের সমস্যা নয়, বরং বৈশ্বিক মানবিক ও রাজনৈতিক চ্যালেঞ্জ।

বাংলাদেশের অবস্থান ও চাপ

বাংলাদেশে আশ্রয় নেয়া এক মিলিয়নের বেশি রোহিঙ্গার খাদ্য, স্বাস্থ্য ও শিক্ষার ব্যয় বহনে সরকার কঠিন চাপে রয়েছে। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। বাংলাদেশ বারবার স্পষ্ট করে বলছে, স্বেচ্ছায় ও নিরাপদ প্রত্যাবাসন ছাড়া কোনো দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব নয়।

ভিন্নমুখী আন্তর্জাতিক অবস্থান

  • ভারত ও চীন: দ্বিপক্ষীয় আলোচনার ওপর গুরুত্বারোপ।

  • পশ্চিমা বিশ্ব ও ওআইসি: মিয়ানমারের ওপর চাপ বাড়ানোর আহ্বান।

  • ইউরোপ ও উত্তর আমেরিকা: মানবাধিকারের দিকটিকে প্রাধান্য দিলেও অর্থনৈতিক মন্দার কারণে সহায়তা হ্রাস।

  • ওআইসি দেশগুলো: আর্থিক সহায়তা বৃদ্ধির আহ্বান।

নিরাপত্তা ও মানবিক ঝুঁকি

শিক্ষা ও কর্মসংস্থানের অভাবে তরুণ রোহিঙ্গাদের হতাশা ও ক্ষোভ বাড়ছে। এতে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। পাশাপাশি মানবপাচার, চোরাচালান ও মাদক ব্যবসায় শিবিরগুলোকে ব্যবহার করা হচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করছে।

সম্মেলনের প্রস্তাবিত রূপরেখা

১. মানবাধিকার নিশ্চয়তা – মিয়ানমারে রোহিঙ্গাদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া।
২. নিরাপদ প্রত্যাবাসন – আন্তর্জাতিক তত্ত্বাবধানে স্বেচ্ছায় প্রত্যাবাসন প্রক্রিয়া।
৩. দীর্ঘমেয়াদি অর্থায়ন – শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকা কর্মসূচির জন্য স্থিতিশীল তহবিল।

বাংলাদেশের কূটনৈতিক চ্যালেঞ্জ

সম্মেলনে বিষয়টি আলোচনার কেন্দ্রে এলেও বাস্তব সমাধান নির্ভর করছে মূলত মিয়ানমারের সদিচ্ছা এবং আন্তর্জাতিক বড় শক্তিগুলোর সক্রিয় ভূমিকার ওপর। বাংলাদেশকে একই সঙ্গে শরণার্থীদের মানবিক চাহিদা পূরণ করতে হবে এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ও অর্থনৈতিক ভারসাম্য বজায় রাখতে হবে।

উচ্চপর্যায়ের বৈঠক ও বার্তা

জাতিসঙ্ঘ সদর দফতরে একাধিক বৈঠকে কক্সবাজার-ভাসানচরের পরিস্থিতি, তহবিল ঘাটতি, শিশুদের শিক্ষা এবং রোহিঙ্গাদের দক্ষ মানবসম্পদে পরিণত করার বিষয় গুরুত্ব পায়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জোর দিয়ে বলেন, “রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবর্তনই একমাত্র টেকসই সমাধান।”

গণতন্ত্র ও উন্নয়ন ইস্যুতে জাতিসঙ্ঘের সমর্থন

মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন দিয়েছেন। একই সঙ্গে এলডিসি থেকে উত্তরণ প্রস্তুতির নিরপেক্ষ মূল্যায়নে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জাতিসঙ্ঘ।

প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের আরও ঘন ঘন বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন। আসন্ন জাতীয় নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে বিভিন্ন সংস্কার কার্যক্রম এবং কমিশনের কাজ সম্পর্কে আন্তর্জাতিক মহলকে অবহিত করা হয়েছে।

Related Articles