নিজস্ব প্রতিবেদক :: পবিত্র মাহে রমজানের শেষ দশকে দুই শতাধিক আলেম উলামা ও সাধারণ ভক্তকুল নিয়ে ইতিকাফ করছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ফিদায়ে মিল্লাত হযরত আসআদ মাদানী রহ. এর সুযোগ্য খলিফা আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। রাজধানীর চৌধুরীপাড়া ঝিল মসজিদে তিনি ইতিকাফকারীদের প্রতিটি মুহূর্ত আমলে কাটাচ্ছেন। সারা দেশ থেকে আগত আলেম-উলামা ও সাধারণ মুসল্লিদের মিলনমেলায় পরিণত হয়েছে হাজীপাড়া ঝিল মসজিদ। দিনব্যাপী তালীম, কুরআন তেলাওয়াত, জিকির, দোয়া, তারাবীহ ও কিয়ামুল লাইলের মাধ্যমে দিন অতিবাহিত করছেন তারা। আল্লাহ প্রেমীদের দোয়া ও রোণাজারিতে এক বিশেষ পরিবেশ সৃষ্টি হয়েছে। মুসল্লিদের সাথে কথা বলে জানা যায় তারা দেশের এক এক প্রান্ত থেকে এসেছেন আলোকিত মানুষদের সংস্পর্শে থাকার জন্য । তারা বলেন, এখানে যে আমলী পরিবেশ তা আমরা অন্য কোথাও পাইনি তাই শত কষ্ট করে হলেও আমরা এখানে এসেছি আল্লাহ্র নৈকট্য হাসিলের জন্যে।
দেশের বরেণ্য আলেম, কওমী মাদরাসা স্বীকৃতি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মুফতি আবুল কাসেম বলেন, আমার জীবনে আমি অনেক বুজুর্গের সুহবতে থেকেছি কিন্তু এখানকার মত এমন আমলী পরিবেশ আমি কোথাও পাইনি তাই এ মধুর জায়গা ছেড়ে আর যাবো কোথায়? এখানেত আলো আর আলো। এখান থেকে মানুষ আল্লাহ্র নৈকট্য লাভের আলো নিয়ে ফিরে যাবে আপন আলয়ে। তাই সবার কন্ঠেই একই গীত এ আলো ছড়িয়ে পরুক সবখানে।
প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশের শীর্ষ আলেমরাও এসে আল্লামা মাসঊদের ইতেকাফে সঙ্গ দিচ্ছেন। তালীম, তারবিয়্যাতসম্বলিত এই ইতেকাফের রঙ সবার হৃদয়ে ছড়িয়ে পড়ুক-ইতেকাফকারীদের এমনটাই আশা।


