পাথেয় রিপোর্ট : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী জনপ্রতিনিধিরা সংসদ সদস্য হিসেবে শপথগ্রহণ করেছেন। তাদেরকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
ড. শিরীন শারমিন চৌধুরীর শপথগ্রহণের মধ্য আজ বৃহস্পতিবার বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এই শপথগ্রহণ শুরু হয়। বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী একাদশ সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হওয়ায় তিনি আগে শপথ নেন। পরে বেলা ১১টা ১৫ মিনিটে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এরপর নবনির্বাচিত এমপিরা শপথপত্রে আজকের তারিখসহ স্বাক্ষর করবেন এবং নিজ নিজ পরিচয়পত্র গ্রহণ করবেন। এর আগেই সেখানে গিয়ে উপস্থিত হন একাদশ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল আওয়ামী লীগ প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের নেতারা।
আজ শপথ নিয়েছেন আওয়ামী লীগ ও মহাজোটের ২৮৮ সংসদ সদস্য।এছাড়া স্বতন্ত্র জনপ্রতিনিধিরাও সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। এদিকে নির্বাচিত হলেও শপথ নেননি বিএনপির নির্বাচিত জনপ্রতিনিধিরা। তারা ‘ভোট কারচুরি’ ও ‘অনিয়মের’ প্রতিবাদস্বরূপ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়ে সরকারের বৈধতা দেয়ার বিপক্ষে অবস্থান নিয়েছেন।
এর আগে গত মঙ্গলবার নতুন নির্বাচিত সংসদ সদস্যদের নামে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গেজেট প্রকাশের তিন দিনের মধ্যে সংসদ সদস্যদের শপথগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। নির্বাচিতরা শপথ না নিলে ৯০ দিনের মধ্যে তাদের আসন শূন্য হবে। ওই আসনে ফের উপনির্বাচন হবে।
সংবিধান অনুযায়ী-স্পিকার নিজেই নিজের শপথ পড়ান। শপথ শেষে চা বিরতি শুরু হয়ে গেছে। এরপর সরকার ও বিরোধী দলের সদস্যরা বৈঠক করে নিজেদের সংসদ নেতা নির্বাচন করবেন। নতুন নির্বাচিত সংসদ সদস্যদের নামে গেজেট প্রকাশের মাধ্যমে সরকারিভাবে ফল ঘোষণা করা হয় মঙ্গলবার। গেজেট প্রকাশের দিন থেকে এক মাসের মধ্যে সংসদের প্রথম অধিবেশন বসবে। আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত দশম সংসদের মেয়াদ আছে।
৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ২৮৮ আসনে জয়লাভ করে। আর জাতীয় ঐক্যফ্রন্ট ৭টি আসনে জয়ী হয়। মঙ্গলবার ২৯৮ সংসদ সদস্যের নামে গেজেট জারি করা হয়।
বাকি দুটির মধ্যে গাইবান্ধা-৩ আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় সেখানে নির্বাচন হয়নি। এ ছাড়া ব্রাক্ষণবাড়িয়া-২ আসনের তিনটি কেন্দ্রে পুনর্নির্বাচন করতে হবে বলে সেখানে ফল স্থগিত রয়েছে।


