‘শিশু নির্যাতনের চেয়ে জঘন্য কোনো অপরাধ নেই’

‘শিশু নির্যাতনের চেয়ে জঘন্য কোনো অপরাধ নেই’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শিশুদের শোষণ ও নির্যাতনের চেয়ে জঘন্য কোনো অপরাধ নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার।

সোমবার (১৮ জানুয়ারি) ঢাকায় অবস্থিত শিশু নিবাস ‘শিশুদের জন্য আমরা’ পরিদর্শনকালে এ মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এসময় তাঁর সঙ্গে ছিলেন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, শিশু নিবাসটি পরিদর্শনকালে প্রকল্পটির প্রতিষ্ঠাতা ও সভাপতি হাজেরা বেগমের সঙ্গে পথশিশুদের সহায়তা ও শিশুপাচার বন্ধে করণীয় নিয়ে আলোচনা করা হয়। ‌এসময় আশ্রয়কেন্দ্র এবং দারিদ্র্য বিমোচনের মাধ্যমে অন্য পথশিশুদের জোরপূর্বক যৌনকর্মী হওয়া থেকে রক্ষায় নিজের পরিকল্পনা নিয়েও আলোচনা করেন সাবেক যৌনকর্মী হাজেরা বেগম।

মানবপাচার রোধে কাজের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের অব্যাহত অংশীদারত্বের বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন রাষ্ট্রদূত মিলার। তিনি বলেন, ‘যৌনকর্মীদের শিশুরা মানবপাচারের ঝুঁকির মধ্যে রয়েছে। শিশুদের শোষণ ও নির্যাতনের চেয়ে জঘন্য কোনো অপরাধ নেই।’ তিনি বলেন, শিশুদের নিবাস ‘শিশুদের জন্য আমরা’ পরিদর্শন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বৃহত্তর সহযোগিতা, সংলাপ ও পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্র সরকারের গৃহীত উদ্যোগগুলোর অন্যতম।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অভিযাত্রায় কেউ যাতে পিছিয়ে না থাকে সে বিষয়ে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশ সরকার এবং যুক্তরাষ্ট্র সবাইকে শিশু শোষণ ও নির্যাতন সংশ্লিষ্ট যে কোনো ধরনের সন্দেহজনক কার্যকলাপের তথ্য ফোনের মাধ্যমে ৯৮৭ নম্বরে কল করে জাতীয় শিশু সহায়তা (ন্যাশনাল চাইল্ড হেল্পলাইন)-কে জানাতে উৎসাহিত করে থাকে বলেও জানান পররাষ্ট্রসচিব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *