পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আজ সোমবার শোকাবহ আগস্টের প্রথম দিন। ১৯৭৫ সালের এ মাসেই একদল বিপথগামী সেনা সদস্য হত্যা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের। দিনটি বাঙালি জাতির ইতিহাসে কলঙ্কিত একটি অধ্যায়। শোকের এ মাসটি নানা কর্মসূচির মাধ্যমে পালন করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো।
পঁচাত্তরের ১৫ই আগস্ট কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তারা বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল। ঘাতকরা সেদিন হত্যা করে বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালকে। আরো দুটি বাড়িতে হামলা চালিয়ে হত্যা করে বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগ্নে যুবনেতা শেখ ফজলুল হক মনি, তাঁর সহধর্মিণী আরজু মনিকেও।
১৫ আগস্টের ওই হত্যাকাণ্ড আলোড়ন তুলেছিল সারা বিশ্বে। বঙ্গবন্ধুকে হত্যার পর নোবেল জয়ী পশ্চিম জার্মানির নেতা উইলি ব্রানডিট বলেন, ‘মুজিবকে হত্যার পর বাঙালিদের আর বিশ্বাস করা যায় না। যে বাঙালি শেখ মুজিবকে হত্যা করতে পারে তারা যেকোনো জঘন্য কাজ করতে পারে।’
১৯৭৫ সালের ১৫ই আগস্টের নৃশংস হত্যাকাণ্ড ছাড়াও এ দেশের জন্য ঘটনাবহুল একটি মাস আগস্ট। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীতে আওয়ামী লীগের সমাবেশে দলের সভাপতি শেখ হাসিনাকে লক্ষ্য করে গ্রেনেড হামলার ঘটনায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটে। ২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩ জেলায় একযোগে বোমা হামলা চালায় জঙ্গিরা।


