সংসদকে প্রতিপক্ষ করছে বিচার বিভাগ  : তোফায়েল

সংসদকে প্রতিপক্ষ করছে বিচার বিভাগ  : তোফায়েল

নিজস্ব প্রতিবেদক : বিচার বিভাগ জাতীয় সংসদকে প্রতিপক্ষ করে তুলছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।  রোববার জাতীয় প্রেসক্লাবে সতীর্থ-স্বজন আয়োজিত এক সেমিনার ও আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তোফায়েল আহমেদ বলেন, সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে জাতিকে খাটো করা হয়েছে। সুপ্রিম কোর্ট জাতীয় সংসদকে অপরিপক্ব বলে সংবিধান পরিপন্থি কাজ করেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যদেরকে নির্মমভাবে জিয়াউর রহমান হত্যা করেছে তা আজ প্রমাণিত। ২১ আগস্টের গ্রেনেড হামলা ১৫ আগস্টের ধারাবাহিকতা।

এ কারণে খালেদা জিয়া সরকারের আমলে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেনেড হামলা চালিয়ে হত্যা চেষ্টা চালানো হয়। হাওয়া ভবন থেকে সে হামলার নেতৃত্ব দেয়া হয়েছে। সেই হামলায় শেখ হাসিনা বেঁচে গেলেও ২৪ জন নিহত হন। অসংখ্য মানুষ আহত হয়ে আজও যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে ৪ হাজার ৬৮২ দিন কারাগারে রাখা হয়েছিল। আগরতলা ষড়যন্ত্র মামলায় ফাঁসি ঘোষণা করা হলেও বঙ্গবন্ধু কারও কাছে মাথানত করেননি। দেশ-বিদেশ, যেখানে বসেই বিএনপি ষড়যন্ত্র করুক আওয়ামী লীগ তা প্রতিহত করবে।

২১ আগস্টের গ্রেনেড হামলা মুক্তিযুদ্ধের চেতনার বিনাসের ধারাবাহিকতা শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে সে দিনের গ্রেনেড হামলার বর্বরতার চিত্র তুলে ধরা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রাজনৈতিক বিশ্লেষক সুভাষ সিংহ রায়, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান, নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) এ কে মোহাম্মদ আলী সিকদার, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ঢাকা দক্ষিণ) শাহে আলম মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *