পাথেয় রিপোর্ট : নিজের সন্তানকে হাফেজে কুরআন বানানোর জন্য মা-বাবা-অভিভাবক ও অভিভাবকের সহনশীল হওয়ার কোনো বিকল্প নেই বলে অভিমত ব্যক্ত করেছেন জামিআ ইকরা বাংলাদেশের প্রিন্সিপাল, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ ও মুফাসসির মাওলানা আরীফ উদ্দীন মারুফ। তিনি বলেন, একজন হাফেজ তৈরী হওয়ার পেছনে শিক্ষকের যেমন পরিশ্রম থাকে, পরিশ্রম থাকে শিক্ষার্থীরও। অভিভাবকগণ যত্নশীল হলে সত্যিকার অর্থেই শিশু তার মেধা বিকশিত করতে সহযোগিতা পায়। সহজে হাফেজ হতে পারে।
বৃহস্পতিবার দুপুরে ইকরা বাংলাদেশ স্কুল ঢাকার উদ্যোগে ৩৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান অনুষ্ঠানে মাওলানা মারুফ এসব কথা বলেন।
বিশেষ অতিথির আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাওলানা হোসাইনুল বান্না বলেন, হাসরের ময়দানে একজন হাফেজের চেহারা জ্বলজ্বল-চকচক করতে থাকবে। সন্তানের জন্য মা-বাবাকে সাম্মানিত করা হবে।
মাওলানা মাসউদুল কাদিরের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, মাওলানা গিয়াস উদ্দীন, ভাইস প্রিন্সিপাল নাসির উদ্দীন, আবদুল আজিজ প্রমুখ।


