পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সরকারের বিভিন্ন কর্মসূচি নিয়ে বিরোধী দলগুলোর যারা সমালোচনা করছেন, মহামারীর মধ্যে তারা নিজেরা কতজনকে সাহায্য করেছেন, সেই হিসাব দিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপি নেতাদের সমালোচনা করে তিনি বলেছেন, প্রতিদিন যারা ‘সরকার উৎখাতের’ জন্য বক্তৃতা-বিবৃতি দেয়, মহামারীর এই দুঃসময়ে মানুষের পাশে তাদের ‘দেখা যাচ্ছে না’।
রোববার (২ মে) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দরিদ্র ও অসহায় মানুষকে মোবাইল ব্যাংকিং পরিষেবার মাধ্যমে আর্থিক সহায়তা কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করে এ কথা বলেন সরকার প্রধান।
এই কার্যক্রমের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে সাড়ে ৩৬ লাখ নিম্ন আয়ের মানুষ আড়াই হাজার টাকা করে সহায়তা পাবেন। উদ্বোধনের দিনই ২২ হাজার ৮৯৫ জনের কাছে সহায়তার টাকা পৌঁছে গেছে।
অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, করোনা ভাইরাস মহামারীর মধ্যে তার দল আওয়ামী লীগ এবং সহযেগী সংগঠনের নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছে। তবে অন্যান্য রাজনৈতিক দলের ততটা উদ্যোগ তিনি দেখছেন না।
তিনি আরও বলেন, অনেকেই শক্তিশালী বিরোধী দল চায়। আমরাও তো বিরোধী দলে ছিলাম। আমরা বিরোধী দলে থাকতে সব সময় যে কোনো দুর্যোগ, দুর্বিপাকে সবার আগে আওয়ামী লীগ ছুটে যেত মানুষের পাশে। এটাই বিরোধী দলের কাজ।
“কিন্তু আজকে যারা নিজেদেরকে বিরোধী দল… বা প্রতিদিন সরকার উৎখাতের জন্য বক্তৃতা-বিবৃতি, আন্দোলনের নামে পোড়াও-জ্বালাও করে যাচ্ছে, দুর্যোগে মানুষের পাশে কোথায় তারা? কয়টা দুর্গত মানুষের মুখে তারা খাবার তুলে দিয়েছে? কয়টা মানুষের পাশে তারা দাঁড়িয়েছে? কয়জন মানুষের কাফনের কাপড় কিনে দিয়েছে? কেউ নেই…।”
সরকারের সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, “নিজে কয়টা লোককে সাহায্য করেছেন? তার একটা হিসাব পত্রিকায় দিয়ে দেন। তাহলে মানুষ আস্থা পাবে, বিশ্বাস পাবে। সেটা হচ্ছে বাস্তবতা।”
তিনি বলেন, “সরকার ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছে এবং অনেকগুলো বেসরকারি টেলিভিশন করে দিয়েছে, রেডিও করে দিয়েছে, পাশপাশি বেসরকারিখাতে অনেকগুলো পত্রিকা হয়ে গেছে, এবং তারা বেশ ঘরে বসে বসে বিবৃতিই দিয়ে যাচ্ছেন।”


