সরকারি চাকরি চাই না, আমরা বাচ্চা নিতে চাই : আজমল
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সরকারি চাকরি চাই না, আমরা বাচ্চা নিতে চাই মন্তব্য করে ভারতের আসাম রাজ্যের মুসলিম সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমল বলেছেন, দরকার নেই সরকারি চাকরির। কেবলমাত্র চাকরির জন্য বাচ্চার জন্ম দেওয়া বন্ধ করার পথে আমরা হাঁটবে না।
সম্প্রতি দু’টির বেশি সন্তান থাকলে সরকারি চাকরির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে আসাম রাজ্য সরকার। সেই নিয়মে বলা হয়েছে যে দুইয়ের বেশি সন্তান হলে সেই সন্তানের পিতামাতা আর কোনও রাজ্য সরাকারি চাকরি পাবেন না।
শনিবার (২৭ অক্টোবর) এই নিয়েই মুখ খুলেছেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টির নেতা তথা সাংসদ বদরুদ্দিন আজমল। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, মুসলিমরা বাচ্চা নেওয়া বন্ধ করবে না। তার কথায়, আমার ধর্ম বিশ্বাস করে যে পৃথিবীতে যার আসার কথা সে আসবেই। কেউ তাকে রুখতে পারবে না। আমিও ব্যক্তিগতভাবে সেটাই মনে করি।
রাজ্য সরকার আইন করে কিছুতেই এই প্রক্রিয়া বন্ধ করতে পারবে না বলে দাবি করেছেন বদরুদ্দিন আজমল। সেই সঙ্গে তার আরও দাবি এই আইন পরিবেশের স্বাভাবিক নিয়মের বিরুদ্ধ। তিনি বলেছেন, এই আইনে মুসলিমদের সন্তানের জন্ম দেওয়া বন্ধ করতে পারবে না। কিন্তু পরিবেশের ক্ষতি করবে।
এদিকে আবারও দলের প্রধান নির্বাচিত হয়েছেন ভারতের আসাম ত্রাণকর্তা ও মুসলমানদের দ্বীনী চেতনার বাতিঘর মাওলানা বদরুদ্দিন আজমল। নিজের নিখিল ভারতীয় সংযুক্ত গণতান্ত্ৰিক মোৰ্চা (এআইইউডিএফ) এর পঞ্চম বারের মতো সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। ২৬ অক্টোবর ২০১৯ শনিবার গুয়াহাটি মনীষা বিবাহ ভবনে এআইইউডিএফ দলের এক সাধারণ সভায় তাকে দলের কাণ্ডারী হিসেবে ঘোষণা করা হয়।
এ সভায় আসামের প্রত্যেক জেলার সর্বসম্মতিক্রমে পঞ্চম বারের মতো তিনি ভোট পান। দলের সভাপতি হিসেবে নির্বাচিত হন। আসামের লাঞ্চিত বঞ্চিত নিপীড়িত মানুষের নেতা ও সাংসদ মাওলানা বদরুদ্দিন আজমল বিষয়ে কেউ কোনো বিরোধিতা করেননি। সাথে সাথে এআইইউডিএফের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি হিসেবে নিযুক্ত হলেন করিমগঞ্জের প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস মহাশয়।
প্রসঙ্গত, দারুল উলুম দেওবন্দ থেকে ফাজিল ডিগ্রি অর্জনকারী মাওলানা বদরুদ্দিন আজমল শিল্পপতি, ব্যবসায়ী এবং একজন সমাজকর্মী। তিনি হাজোইয়ের হাজী আব্দুল মজিদ মেমোরিয়াল (হ্যাম) পাবলিক ট্রাস্টের ব্যবস্থাপনা ট্রাস্টি। এই ট্রাস্টটি আসামের হাজোইতে অবস্থিত দাতব্য হাসপাতাল হাজী আব্দুল মজিদ মেমোরিয়াল হাসপাতাল ও রিসার্চ সেন্টারের জন্য পরিচিত।
পা.টো.ড/আদিল


