পাথেয় রিপোর্ট : আওয়ামী লীগ সরকারের ওপর দোষ চাপাতেই নিজেদের হামলার ছকেই নোয়াখালীতে বিএনপি প্রার্থী মাহবুবউদ্দিন খোকন আহত হয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবসে ফেনী রাজাঝি’র দিঘী পাড়ে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি এসব কথা বলেন।
শনিবার নোয়াখালীতে নির্বাচনী গণসংযোগ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপির প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।এসময় তার ব্যক্তিগত সহকারীসহ আরও কয়েকজন আহত হয়েছেন।
এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নিজেরাই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল, উসকানি দিয়েছিল। তারা আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে হামলা ও দোকানপাট ভাঙচুর করেছে। হামলার ছক তারাই তৈরি করেছে, পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে শেষ পর্যন্ত পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাকর্মীরা পুলিশকে বাধ্য করেছে হস্তক্ষেপ করতে। সে অবস্থায় মাহবুব উদ্দিন খোকন আক্রান্ত হয়েছেন। তার গায়ে ছররা গুলি লেগেছে। তাকে হাসপাতালেও থাকতে হয়নি, প্রাথমিক চিকিৎসার পর তিনি বাসায় ফিরে গেছেন।সরকার ও আওয়ামী লীগের ওপর দোষ চাপাতে এই হামলার ছক।
ওবায়দুল কাদের বলেন, ‘সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ছদ্মবেশী গণতন্ত্র, ছদ্মবেশী মুক্তিযোদ্ধা যারা আছে তারা ঐক্যবদ্ধ হয়েছে ঐক্যফ্রন্টের ব্যানারে বিএনপির নেতৃত্বে। এই সমুদয় অপশক্তিকে বাংলাদেশের জনগণ এই মুক্তিযুদ্ধের দেশে আবারও পরাজিত করবে।’
এর আগে সংঘর্ষে আওয়ামী লীগের দুজন কর্মীকে প্রাণ দিতে হয়েছে জানিয়ে কাদের বলেন, ‘তাদের কোনো কর্মীকে প্রাণ দিতে হয়নি। যতই চংক্রান্ত হোক আগামী ৩০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো অপশক্তি নির্বাচন বানচাল করতে পারবে না।’
এ সময় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, সংরক্ষিত মহিলা আসনের এমপি জাহানারা বেগম সুরমা, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, ফেনীর পৌরসভার মেয়র হাজী আলা উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


