পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এমনিতেই বর্তমানে বাংলাদেশের আবহাওয়া দুটি লঘুচাপের বলয়ে রয়েছে। আর এর মধ্যেই সাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আগত অপর একটি লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
বুধবারের (১০ নভেম্বরের) মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, বুধবার (১০ নভেম্বর) সকাল পর্যন্ত সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী শুক্রবার নাগাদ রাতের তাপমাত্রা বাড়তে পারে।
মঙ্গলবার (৯ নভেম্বর) দেশে সর্বনিম্ন তাপমাত্রা নেমে ১৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তেঁতুলিয়ায় ভোরে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।


