পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী অ্যাডভোকেট আফসার উদ্দিন আহমদ খান (৮১) আর নেই। মঙ্গলবার (১৬ নভেম্বর) রাতে ঢাকার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আমানত হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরহুমের জানাজার নামাজ আজ বুধবার বিকেল সাড়ে চারটায় কাপাসিয়ার উপজেলার দরদরিয়া নিজ বাড়িসংলগ্ন দরদরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
আফসার উদ্দিন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের ছোট ভাই। গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার দরদরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন আফসার উদ্দিন। তাঁর পিতা মৌলভী মো. ইয়াসিন খান এবং মাতা মেহেরুননেসা খান। ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেক সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৯৬ সালে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী মনোনীত হন। তবে এর মাত্র ছয় মাস পরই তিনি পদত্যাগ করেন।


