সিআইডির জালে ধরা খেল জিনের বাদশা

সিআইডির জালে ধরা খেল জিনের বাদশা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জিনের বাদশাহ পরিচয় দিয়ে মোবাইলে টাকা হাতিয়ে নেয়া চক্রের এক সদস্য ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) পাতা জালে ধরা খেয়েছে।

তার নাম জামিল হোসেন ওরফে আজিম হুজুর (৩০)। সে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বাসিন্দা মৃত তৈয়ব আলী শেখের ছেলে।

সিআইডি অর্গানাইজড ক্রাইম ইউনিটের ইকোনোমিক ক্রাইম স্কোয়াডের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ফরিদপুর থেকে তাকে গ্রেফতার করে।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সিআইডি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জামিল হোসেন সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন নামের জাতীয় পরিচয়পত্র সংগ্রহ/সৃজন করে নতুন সিম ক্রয় এবং বিকাশ অ্যাকাউন্ট খোলে। পরে সাধারণ মানুষকে ফোন দিয়ে আকর্ষণীয় পুরস্কারের প্রলোভন দেখিয়ে প্রতারণা চালিয়ে আসছিল। আবার কখনও জিনের বাদশা সেজে বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে টাকা আদায় করত।

সম্প্রতি প্রতারক চক্রটি জনৈক শিমুল মাহমুদের মোবাইল নাম্বারে মেসেজের মাধ্যমে জানায় যে তিনি গোল্ডেন অফারের গ্রাহক হিসেবে ২২ লাখ টাকা পুরস্কার পেয়েছেন। এ পুরস্কারের টাকা পেতে হলে তাকে ৫০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠাতে হবে।

ওই ব্যক্তি প্রলোভিত হয়ে ৪৪ হাজার টাকা দিয়ে প্রতারিত হন। পরে তিনি গুলশান থানায় মামলা রুজু করেন। ওই মামলার তদন্তভার সিআইডি গ্রহণ করার পর প্রতারক আজিমকে গ্রেফতার করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *