সিলেটে বিদ্যুত সরবরাহ বন্ধ ঘোষণা

সিলেটে বিদ্যুত সরবরাহ বন্ধ ঘোষণা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিলেটের কুমারগাঁও গ্রিড উপকেন্দ্রে বন্যার পানি ঢুকে পড়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে শনিবার (১৮ জুন) দুপুর সোয়া ১২টা থেকে পুরো সিলেট বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিভাগীয় প্রধান প্রকৌশলী আবদুল কাদির গণমাধ্যমে জানান, বিদ্যুৎ কেন্দ্রে বন্যার পানি প্রবেশ করায় সরবরাহ বন্ধ রাখা হয়েছে। পানি নামানো গেলে আবারও বিদ্যুৎ সরবরাহ করা হবে।

এর আগে শুক্রবার (১৭ জুন) সকাল থেকে কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্রে পানি প্রবেশ করতে শুরু করলে সেনাবাহিনীর ও ফায়ার সার্ভিস সদস্যরা উপকেন্দ্রের চারপাশে বালুর বস্তা দিয়ে বাধ তৈরি করেন। এরপর শ্যালো ইঞ্জিন ও ফায়ার সার্ভিসের ইঞ্জিন দিয়ে ভেতরে ঢুকে পড়া পানি নিষ্কাশন করা হয়। এসময় সিলেটের মেয়র আরিফুল হক উপস্থিত ছিলেন।

এর আগে দুর্ঘটনা এড়াতে ছাতক ও সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। এতে সুনামগঞ্জ জেলা ও সংলগ্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

শুক্রবার সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী সুজিত কুমার বিশ্বাস জানান, বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। সব এলাকা বন্যার পানিতে ডুবে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে। কারণ বিদ্যুৎ বিচ্ছিন্ন না করলে বন্যাকবলিত এলাকায় দুর্ঘটনা ঘটতে পারে।

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দিন দিন সিলেটের পরিস্থিতির অবনতি হচ্ছে। অধিকাংশ বাড়িঘর ও রাস্তাঘাট পানিতে ডুবে গেছে। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। অনেকে আশ্রয়ের খোঁজে এদিক-ওদিক ছুটছেন। গবাদি পশু ও ঘরের জিনিসপত্র নিয়ে চরম বিপাকে পড়েছেন তারা। ভারতীয় উজানে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট এই বন্যা ছড়িয়ে পড়তে পারে দেশের অন্যান্য জেলাসমূহে। আবহাওয়া অফিস জানিয়েছে, আরও দুইদিন সিলেটে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *