পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সুদানে সরকারবিরোধী বিক্ষোভে দুই পুলিশ সদস্যসহ কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরো অনেকে। দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল-জাজিরার।
রুটির দাম বৃদ্ধিতে গত ১৯ ডিসেম্বর থেকে সুদানের রাজধানী খার্তুমসহ বিভিন্ন শহরের রাস্তায় বিক্ষোভ করছে সুদানের হাজার হাজার নাগরিক। তা নিয়ে দেশটির পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ বাঁধে।প্রথমে রাজধানীর বাইরে শুরু হলেও ক্রমেই তা খার্তুমে ছড়িয়ে পড়ে। রুটির দাম ছিল ২ সেন্ট। সুদানের সরকার তার দাম বৃদ্ধি করে ৬ সেন্ট করেছে।গত ১৯ ডিসেম্বর থেকে রাজধানী খার্তুমসহ বিভিন্ন শহরের রাস্তায় বিক্ষোভ করছে সুদানের হাজার হাজার নাগরিক। এসব বিক্ষোভে পুলিশের হামলায় নিহত হয়েছে বেশ কয়েকজন। সরকারের তরফে ১৯ জন বিক্ষোভকারীর মৃত্যুর খবর নিশ্চিত করা হলেও মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ৩৭ জন নিহত হওয়ার খবরকে ‘বিশ্বাসযোগ্য’ আখ্যা দিয়েছে।
বৃহস্পতিবার দেশটির রষ্ট্রিীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে সরকারি মুখপাত্র বশারা জুমা বলেন, নিরাপত্তা বাহিনীর দুইজন সহ মোট ১৯ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছে ২১৯জন।
এর আগে বৃহস্পতিবার ধর্মঘট ডাকে সুদানের সাংবাদিকদের একটি সংগঠন। ‘সুদানিজ জার্নালিস্টস নেটওয়ার্ক’ নামের সংশ্লিষ্ট সংগঠনটি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিতে কাজ করে। তাদের অভিযোগ, সরকার হরহামেশা সাংবাদিকদের হয়রানির লক্ষ্যবস্তু বানায়।
‘সুদানিজ জার্নালিস্টস নেটওয়ার্ক’ বলেছে, ‘বিক্ষোভকারীদের ওপর সরকারি দমন-পীড়নের প্রতিবাদে আমরা ডিসেম্বরের ২৭ তারিখ থেকে ধর্মঘটের ঘোষণা দিচ্ছি।’ তারা আরও জানিয়েছে, সংবাদপত্রের স্বাধীনতার ওপর সরকারের বর্বরচিত আঘাতের প্রতিবাদ করাও এই ধর্মঘটের লক্ষ্য। তারা সুদান সরকারের বিরুদ্ধে সেন্সরশিপ আরোপ করা থেকে শুরু করে পত্রিকা জব্দ করার মতো কর্মকাণ্ডের কথা উল্লেখ করেছেন।


