নিজস্ব প্রতিবেদক ● সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কোনো ধরনের অনিয়ম-দুর্নীতি যেন না, হয় সেজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের মাধ্যমে বস্তিবাসীদের জন্য ভাড়াভিত্তিক আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের বিস্তারিত তার সামনে তুলে ধরেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদুল্লাহ খন্দকার। এ সময় বস্তিবাসীদের জন্য ভাড়াভিত্তিক আবাসিক ফ্ল্যাট নির্মাণে প্রস্তাবিত প্রকল্পের অগ্রগতি বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিতও করা হয়। জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান, অপেক্ষাকৃত সুবিধাবঞ্চিত মানুষের জন্য এই প্রকল্পে কোনো গাফিলতি যেন না হয় সেদিকে দৃষ্টি রাখার তাগিদ দিয়েছেন শেখ হাসিনা। রাজধানীর ভাসানটেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমবারের মতো নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও গৃহহীন মানুষের পুনর্বাসনের জন্য প্রকল্প হাতে নিয়েছিলেন বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, বর্তমান সরকার একটি পলিসির মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য আবাসন প্রকল্প হাতে নিয়েছে।
ইহসানুল করিম আরো জানান, এ সময় প্রধানমন্ত্রী রাজশাহীর তালাইমারী চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্কয়ার নির্মাণ প্রকল্পের খসড়া নকশাও পর্যবেক্ষণ করেন। এই প্রকল্পের বিষয়ে নিজের কিছু পরামর্শও দেন তিনি। রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব সুরাইয়া বেগমসহ অন্যরা উপস্থিত ছিলেন।


