আবদুল্লাহ শাকির ● বহুজল্পনা-কল্পনার পর আবারও কওমী মাদরাসার সনদের স্বীকৃতির আলোচনা উঠে এসেছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আলেমদের লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকে বসছে মঙ্গলবার। বাদ জোহর এই বৈঠক হওয়ার কথা বিশেষ সূত্র থেকে জানা গেছে।
পাঁচ সদস্যের ‘লিয়াজোঁ কমিটিতে আছেন মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা রুহুল আমীন, মাওলানা মাহফুজুল হক ও মুফতী নূরুল আমীন।
সূত্র জানিয়েছে, সরকার এখনও কওমী মাদরাসার সনদের স্বীকৃতি দিতে আন্তরিক। সচিবালয়ে বাদ যোহর শিক্ষা মন্ত্রীৱ আহ্বানে সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের (প্রশাসন ও উন্নয়ন) সভাপতিত্বে ২৮ মার্চ মঙ্গলবার বিকাল ৩টায় দেশের শীর্ষস্থানীয় আলেমদের নিয়ে বৈঠক আহ্বান করা হয়। বৈঠকে দেশের ৬টি কওমি মাদরাসা শিক্ষাবোর্ডের সভাপতি ও মহাসচিবদের আমন্ত্রণ জানানোর পাশাপাশি মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানকেও আমন্ত্রণ জানানো হয়। এরপরই শিক্ষামন্ত্রণালয় লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নেয়। সেটি মঙ্গলবার বাদ জোহর সচিবালয়ে অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, ২৮ মার্চ মঙ্গলবার যাদেরকে আহ্বান করা হয়েছিল তারা হলেন, হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী, গওহরডাঙ্গা মাদরাসার মহাপরিচালক মুফতি রুহুল আমীন, জামিয়া ইকরার মহাপরিচালক মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ, বসুন্ধরা মাদরাসার প্রিন্সিপাল মুফতি আরশাদ রহমানী, চট্টগ্রাম জামেয়া দারুল মাআরিফের প্রিন্সিপাল মাওলানা সুলতান যওক নদভী, সিলেট বারকুটি মাদরাসার প্রিন্সিপাল আল্লামা হোসাইন আহমদ বারকুটি, আফতাবনগর মাদরাসার প্রিন্সিপাল মুফতি মুহাম্মদ আলী, ফরিদাবাদ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল কুদ্দুস, গোপালগঞ্জ গওহরডাঙ্গা বোর্ডের মহাসচিব মাওলানা শামসুল হক, পটিয়া মাদরাসার মহাপরিচালক আল্লামা আবদুল হালিম বোখারি, দিনাজপুর বাংলা হিলি মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হারুনুর রশিদ ও সিলেট দক্ষিণকাছ ইসলামিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল বাসেত বরকতপুরি।
PATHE24/MR/১০১


