পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রযুক্তির উৎকর্ষতার সাথে প্রতিযোগিতা করেই যেন দেশে শিশু কিশোরদের বাড়ছে স্মার্টফোনের চাহিদা। এবার গেমস খেলার জন্য স্মার্টফোন কিনে না দেয়ায় গাজীপুরে সপ্তম শ্রেণীর এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহতের নাম- জিহাদুল ইসলাম ওরফে শাফায়েত (১৩)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের বাসন থানাধীন ভোগড়া দক্ষিণপাড়া এলাকার রফিকুল ইসলাম ওরফে জীবনের ছেলে। জিহাদ স্থানীয় ইন্ডিপেন্ডেন্ট স্কুলের ৭ম শ্রেণীর ছাত্র।
বাসন থানার এসআই ইব্রাহিম খলিল ও নিহতের বাবাসহ স্বজনরা জানান, জিহাদের বাবা থাই গ্লাসের একটি দোকানে মিস্ত্রির কাজ করেন। এবছর এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় জিহাদের বড় ভাইকে স্মার্টফোন কিনে দেন বাবা। ভাইকে মোবাইল দেয়ায় কয়েকদিন ধরেই গেম খেলার জন্য স্মার্টফোন কিনে দেয়ার বায়না ধরে জিহাদ। কিন্তু কলেজে ভর্তি হওয়ার আগে মোবাইল কিনে দেবেন না বলে জানিয়ে দেন বাবা-মা।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যার পর আবার বায়না ধরলে জিহাদকে বকাঝকা করেন মা শীলা আক্তার। রাত ৯টার দিকে খাবার খাওয়ার জন্য জিহাদকে ডাকাডাকি করতে থাকেন শীলা। কিন্তু ছেলের সাড়াশব্দ না পেয়ে পাশের কক্ষে গিয়ে দেখেন ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলছে জিহাদ। স্বজনরা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন।
জিএমপির বাসন থানার ওসি রফিকুল ইসলাম জানান, শনিবার (১২ সেপ্টেম্বর) খবর পেয়ে পুলিশ দুপুরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠায়।
/এএ


