পাথেয় টোয়েনটিফোর ডটকম : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ২৭ নভেম্বর মঙ্গলবার গাড়ি চাপায় সাত জন নিহত ও চারজন আহত হয়েছে বলে জানা যায়। বার্তা সংস্থা এএফপি’র সূত্রে জানা যায়, গাড়িটি ফুটপাতে উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে। দেশটির পুলিশও একথা জানিয়েছে।
চীনের উত্তর-পূর্বাঞ্চলে অপর এক গাড়ির চালক স্কুলশিশুদের ওপর ইচ্ছাকৃতভাবে গাড়ি তুলে দেয়ার কয়েকদিন পর সর্বশেষ এই গাড়ি দুর্ঘটনাটি ঘটল। সিচুয়ান প্রদেশের লেশান শহরের এই দুর্ঘটনায় চালককে আটক করা হয়েছে। পুলিশের বিবৃতিতে তদন্ত চালানোর কথা বলা হয়েছে।
এর কিছুদিন আগে চীনে দক্ষিণাঞ্চলীয় গুয়ংদং প্রদেশে সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত হয়েছিলেন। হুইদং কাউন্টির ইউমাইউয়ান গ্রামের কাছে স্থানীয় সময় বেলা ২ টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটেছিল। একটি সিমেন্ট ট্যাঙ্কার ট্রাক উল্টে গিয়ে পাশ দিয়ে চলা দুইটি কারের ওপর পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। উদ্ধার কাজ শেষ করে এ দুর্ঘটনায় নয়জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছিল।


