সড়ক পথে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী, সেতুর উপর দাঁড়িয়ে তুললেন সেলফি

সড়ক পথে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী, সেতুর উপর দাঁড়িয়ে তুললেন সেলফি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : পদ্মা সেতু উদ্বোধনের দশদিনের মাথায় ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে পদ্মা পাড়ি দিয়ে টুঙ্গিপাড়ায় গিয়ে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সড়ক পথের এ যাত্রায় সেতুতে গাড়িবহরের টোল দেন সজীব ওয়াজেদ জয়। পরে মাঝ সেতুতে দাঁড়িয়ে দেখেন সৌন্দর্য। ছেলে জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে এসময় সেলফি তুলেন প্রধানমন্ত্রী।

আজ সোমবার (৪ জুলাই) ঢাকা থেকে সড়ক পথে তিন ঘণ্টার যাত্রা শেষে বেলা ১১টা ৪০ মিনিটে টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী। তার এ সফর উপলক্ষে টুঙ্গিপাড়াকে সাজানো হয় বর্ণিল সাজে।

টুঙ্গিপাড়া যাওয়ার পথে শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের নিয়ে জাজিরা পয়েন্টের সার্ভিস এলাকায় কিছুক্ষণ বিশ্রাম নেন ও সকালের নাস্তা গ্রহণ করেন।

টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ অগাস্ট নৃশংস হত্যাকাণ্ডের শিকার শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাতে অংশ নেন।

সেখানে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির প্রত্যাশায় দোয়া করা হয় বলে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমে জানান।

আজ বিকাল সাড়ে ৩টায় টুঙ্গিপাড়া থেকে রওয়ানা হয়ে ৫টায় গণভবনে ফিরে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *