হতাশ না হওয়াই মিরাজের শিক্ষা : আল্লামা মাসঊদ
পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের শিক্ষা হলো হতাশ হওয়া যাবে না। নবীজী প্রতিটি পদে পদে দাওয়াতের কাজে তীব্র কষ্ট স্বত্ত্বেও কখনো হতাশ হননি। বার বার পথ খুঁজেছেন। নতুন উদ্যমে দাওয়াতি কাজে ঝাঁপিয়ে পড়েছেন। এমন সত্য ইতিহাসের আলোচনাই উপস্থাপন করলেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি ২০২১) রাজধানীর খিলগাঁও ইকরা বাংলাদেশ জামে মসজিদ কমপ্লেক্সে জুমার বয়ানের আগে মুসল্লিদের মাওলানা সাইয়্যিদ আসআদ মাদানী রহ.-এর এই খলীফা শাইখুল হাদীস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা বিস্ময়ের সঙ্গে দেখছি, তুচ্ছ কারণে আজকে বাচ্চারাও আত্মহত্য করছে। হতাশা মুসলমানদের নয়। হতাশ হওয়া যাবে না। আমাদের প্রিয় নবীজী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হতাশ হননি। মক্কায় তীব্র যাতনার পর, তায়েফে পাথর বৃষ্টির নিচে পড়েও, আবার মক্কায় ফিরতে না পারার বেদনার মাঝখানেই আল্লাহ তাআলা চূড়ান্ত সাফল্যে ভালোবাসার আহ্বান জানিয়ে নিজের কাছে নিয়ে যান। মিরাজ সেই ভালোবাসার প্রেমময় জয়সাফল্যের গল্প অনেক ত্যাগের পরে এসেছে।


