হত্যা মামলায় এমপি রানার বিচার শুরু

হত্যা মামলায় এমপি রানার বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক ● মুক্তিযোদ্ধা ফারুক আহমদ হত্যা মামলায় সরকার দলীয় সংসদ সদস্য আমানুর রহমান খান রানা ও তার তিন ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মাধ্যমে মামলাটির বিচারকাজ শুরু হলো।  বুধবার সকাল নয়টার দিকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে এমপি রানাকে টাঙ্গাইল কোর্টে হাজির করা হয়। বেলা ১১টায় আদালতের বিচারক এজলাসে উঠেন। প্রথমেই তিনি এই চাঞ্চল্যকর মামলায় আসামিপক্ষের আইনজীবীদের পুনঃ তদন্তের আবেদন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন থেকে অব্যাহতির বিষয়ে শুনানি করেন। পরে আদালত আবেদন দুটি নামঞ্জুর করে।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি মনিরুল ইসলাম খান এমপি রানা ও তার চার ভাইসহ ১৪ আসামির বিরুদ্ধে হত্যা মামলার ৩০২/ ১২০/৩৪ ধারায় অভিযোগ গঠনের আবেদন করেন। পরে বিচারক তা গ্রহণ করে মামলাটির বিচারকাজ শুরুর নির্দেশ দেন। আগামী ১৮ অক্টোবর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন বিচারক। এসময় আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানান।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে তার লাশ একটি অটোরিকশায় তুলে টাঙ্গাইল জেলা শহরের কাছে ফেলে চলে যায়। এ ঘটনায় ফারুক আহমদের স্ত্রী নাহার আহম্মেদ বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এরপর ২০১৬ সালের ৩ ফেব্রুয়ারি টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানাসহ ১৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

মামলায় সংসদ সদস্যের তিন ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সহিদুর রহমান খান মুক্তি, জেলার সাবেক ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান কাকন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি সানিয়াত খান বাপ্পাকেও আসামি করা হয়। মামলার অন্য আসামিরা হলেন আনিসুল ইসলাম রাজা, কবির হোসেন, সাবেক কমিশনার মাসুদ মিয়া, চান, নুরু, সানোয়ার হোসেন, দাঁতভাঙা বাবু, ফরিদ হোসেন, আবদুল হক ও সমির হোসেন।

এদিকে আদালত চলাকালে ফারুক হত্যা মামলার আসামিদের বিচার দাবিতে আদালতের বাইরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সকাল থেকেই আদালত প্রাঙ্গণ ও শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়। দুপুর ১২টার দিকে এমপি রানাকে টাঙ্গাইল আদালত থেকে কড়া পুলিশ পাহারায় কাশিমপুর কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *