পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কাশিপুর ইউনিয়ন পরিষদে হাতপাখার চেয়ারম্যান প্রার্থী মো. ওমর ফারুক এর উপর আওয়ামী লীগ প্রার্থী বাদল বাহিনীর নির্মম ও বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ। পাশাপাশি হামলাকাীদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
ফতুল্লায় হাতপাখার চেয়ারম্যান প্রার্থী মো. ওমর ফারুকের উপর আওয়ামী লীগ প্রার্থী বাদল বাহিনী হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি এ দাবি জানিয়েছেন বলে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানা যায়।
আসন্ন জাতীয় নির্বাচনে নিজেদের পরাজয় দেখতে পেয়ে সরকার চোরাগুপ্তা হামলার পথ বেছে নিয়েছে মন্তব্য করে তিনি বলেন, সরকার দলীয় প্রার্থীরা পরাজয় নিশ্চিত আঁচ করতে পেরে চোরাগুপ্তা হামলার পথ বেছে নিয়েছে। সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় ক্যাডার ও সন্ত্রাসীদের প্রার্থী দিয়ে সারা দেশে অরাজকতা সৃষ্টি করছে। হাতপাখার প্রার্থীদের ওপর সন্ত্রাসী হামলা, হাতপাখার প্রার্থীদের মনোনয়ন ফরম ছিনিয়ে নেয়ার মত ঘটনা বর্তমান সরকারের সময় ঘটছে।
ফতুল্লায় হাতপাখার প্রার্থীর উপর হামলার বিচার চেয়ে তিনি বলেন, কাশিপুরে হাতপাখার প্রার্থীর ওপর হামলাকারী বাদল বাহিনীর সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। সেই সাথে আওয়ামী লীগের প্রার্থীর আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এদিকে কাশিপুর ইউপি চেয়ারম্যান প্রার্থীর উপর বর্বরোচিত হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জের চাষাড়ায় ইসলামী আন্দোলন কর্তৃক এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। আরও বক্তব্য রাখেন নাসিক মেয়র প্রার্থী মুফতি মাসুম বিল্লাহসহ জেলা ও থানা নেতৃবৃন্দ।
বর্তমান নির্বাচন কমিশনকে সরকার দলীয় কমিশন আখ্যা দিয়ে অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, বর্তমান নির্বাচন কমিশন সরকার দলীয় কমিশনে পরিণত হয়েছে। প্রধান নির্বাচন কমিশন গৃহপালিত কর্মচারীর ভূমিকা পালন করছে। এমন বেহায়া ও অথর্ব ইসি দেশবাসী আর দেখছে বলে মনে হয় না। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করতে ব্যর্থ হলে সারা দেশে তৃণমূল থেকে গণআন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
সুত্র: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অফিসিয়াল ফেসবুক পেজ।


