পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঈদের ছুটিতে ঢাকা এখন প্রায় শূন্য। এমন সময়ে রাজধানীর হাতিরঝিলের এক ফাঁকা বাসার জানালার গ্রিল কেটে ৫ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ৪ লাখ টাকাসহ ১০ লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৪ মে) সকালে হাতিরঝিল থানায় এসম্পর্কে অভিযোগ জানানো হয়।
জানা গেছে, বরিশালের দক্ষিণের সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাডভোকেট আবরার হোসেন স্ত্রীকে নিয়ে হাতিরঝিলের ঐ বাসায় ভাড়া থাকতেন। তার বাবা ও পত্রিকার প্রধান সম্পাদক আলম রায়হানও মাঝে মধ্যে এসে থাকতেন। ঈদের ছুটিতে স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়িতে গিয়েছিলেন আবরার হোসেন। এ সময় বাসায় ছিলেন আলম রায়হান। ঈদের দিন মঙ্গলবার (৩ মে) দিবাগত রাতে বাসাটিতে চুরির ঘটনা ঘটে।
এ বিষয়ে হাতিরঝিল থানার এসআই মোহাম্মদ জাহাঙ্গীর গণমাধ্যমকে জানান, বুধবার সকালে মহানগর প্রজেক্টের একটি বাসায় চুরির অভিযোগ পাই আমরা। স্বর্ণালঙ্কারসহ দামি মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার। দুই কক্ষ ড্রয়িং রুম বিশিষ্ট ফ্ল্যাটটিতে মাস্টারবেডে চুরি হয়েছে। অন্য ঘরে বাসার মালিকের বাবা ছিলেন বলে জানতে পেরেছি। অভিযোগের সব তথ্য আমরা যাচাই করে দেখছি।
তিনি আরও জানান, বাসার মালিকের মৌখিক অভিযোগে মোট সাড়ে চেইন, হাতের চুড়ি, নেকলেস ও টিকলিসহ মোট পাঁচ ভরি স্বর্ণালঙ্কার চুরির কথা জানানো হয়েছে। এছাড়াও ঐ ঘর থেকে দুটি ক্যামেরা, দুটি হার্ডডিক্সসহ নগদ চার লাখ টাকা চুরি হয়েছে। তবে মালিককে ঘটনায় মামলা দায়েরের জন্য অনুরোধ করা হয়েছে। পুলিশ এবিষয়ে অধিকতর তদন্ত করবে।


