হেফাজত নেতাকে ছুরিকাঘাত করা সেই মাসুম গ্রেপ্তার

হেফাজত নেতাকে ছুরিকাঘাত করা সেই মাসুম গ্রেপ্তার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সহসভাপতি মাওলানা জসিম উদ্দিনকে (৫৫) পুরান ঢাকার লালবাগ এলাকায় ছুরিকাঘাতের ঘটনায় প্রধান অভিযুক্ত সেই যুবককে গ্রেপ্তার করেছে লালবাগ থানা পুলিশ। তার নাম মাসুম হাসান ইমরান।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম। শুক্রবার রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকালে লালবাগে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা জসিম উদ্দিনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আহত অবস্থায় এই নেতাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার দিন হেফাজতে ইসলামের সদস্য সানাউল্লাহ বলেন, মাওলানা জসিম উদ্দিন ধানমণ্ডির বাসায় যাওয়া জন্য মাদ্রাসার সামনে থেকে রিকশা নেন। রিকশাটি কিছুদূর যেতেই দুই যুবক ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি।

আহত মাওলানা জসিম উদ্দিন জানিয়েছিলেন, তিনি কাউকে চিনতে পারেননি। তাকে পেছনের দিক থেকে ছুরিকাঘাত করা হয়েছে।

পরের দিন এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জী। বিবৃতিতে তিনি বলেন, অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারকে দায়ভার নিতে হবে।

আহত জসিম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। জসিম উদ্দিন রাজধানীর জামিয়া আরাবিয়া লালবাগ মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক। তিনি প্রয়াত মুফতি ফজলুল হক আমিনীর জামাতা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *