নিজস্ব প্রতিবেদক :: নির্ধারিত ১৭ পণ্য পরিবহন, বাজারজাত ও মজুতকালে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। ঢাকাসহ সারা দেশে সোমবার থেকে বিশেষ অভিযান পরিচালনা করবে পাট অধিদপ্তর।
অভিযানের অংশ হিসেবে ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি, মরিচ, হলুদ, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, ধনে, আলু, আটা, ময়দা ও তুষ-খুদ-কুঁড়া এই ১৭ পণ্য উৎপাদন, বিক্রয় ও বিক্রয় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এসব পণ্য মোড়কীকরণে পাট ব্যবহার না করে অন্য কোনো উপাদান ব্যবহার করলে কমপক্ষে এক বছর কারাদণ্ড বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করতে পারবেন আদালত।
সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গতকাল রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কৃষ্ণ ভট্টাচার্য, পাট অধিদপ্তরের মহাপরিচালক
মোছলেহ উদ্দিন, বিজেএমসির চেয়ারম্যান মাহমুদুল হাসান প্রমুখ। মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, আন্তমন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক
ব্যবহার আইনের সুষ্ঠু বাস্তবায়নে সড়ক, মহাসড়ক এবং পণ্যের উৎপাদন, বিক্রয় ও বিতরণ এলাকায় অভিযান পরিচালনা করা হবে। এ জন্য চলতি মাসে নৌ ও সড়ক পরিবহন কাভার্ড ভ্যান মালিক সমিতি, চাতাল মিল মালিক সমিতি, ঢাকার বিভিন্ন বাজার ও আড়ত
মালিক সমিতিসহ সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক হয়েছে। সরকারি-বেসরকারি গণমাধ্যমে বিজ্ঞাপন ও পোস্টার-লিফলেট বিতরণের মাধ্যমে জনগণকে জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্ধারিত পণ্য আমদানি ও রপ্তানির সময় পাটজাত মোড়ক ব্যবহার না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) ও রপ্তানি নিবন্ধন সনদ (ইআরসি) বাতিল করবে বাণিজ্য মন্ত্রণালয়। চাতাল মিল মালিকেরা পাটের বস্তা ব্যবহার না করলে নিবন্ধন বাতিল করবে খাদ্য মন্ত্রণালয়।


