পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর দারুসসালাম থানা এলাকায় অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন নুর কায়েস ওরফে সাদিয়া, কদভানু ওরফে ফাতেমা ও নুর নাহার। রবিবার রাতে গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মধুসূদন দাস বলেন, গাবতলী এলাকার বাগবাড়ী চারআনীপাড়ার আইচার মোটরসের সামনে তিন মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। তাঁদের গ্রেপ্তারের পর তল্লাশি করে ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা এনে ঢাকা মহানগরসহ আশপাশ এলাকায় বিক্রি করতেন।
দারুসসালাম থানায় করা মামলায় ওই তিনজনকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।


