২৫ হাজার মাদক মামলা ঝুলে আছে চট্টগ্রামে

২৫ হাজার মাদক মামলা ঝুলে আছে চট্টগ্রামে

চট্টগ্রাম প্রতিনিধি : গুরুত্বপূর্ণ সাক্ষীরা সাক্ষ্য দিতে আদালতে না আসার পাশাপাশি নানা জটিলতার মুখে চট্টগ্রামে দীর্ঘদিন ধরে ঝুলে আছে মাদক আইনে দায়েরকৃত অন্তত ২৫ হাজার মামলা। মামলা নিষ্পত্তিতে এ ধীরগতির কারণে একদিকে মামলার জট সৃষ্টি হচ্ছে। অন্যদিকে জামিন না পাওয়ায় কারাগারগুলোতে বন্দিদের ভিড় বেড়েই চলেছে।

কার্যবিধি অনুযায়ী, মাদক আইনে মামলা দায়েরের ১৫ দিনের মধ্যে আদালতে চার্জশিট জমা দিতে হয়। তবে, আদালতের বিশেষ অনুমতি নিয়ে তদন্ত শেষ করতে বাড়তি আরো ৩০ দিন সময় পান তদন্ত কর্মকর্তা। কিন্তু এরপর শুরু হয় বিচারের দীর্ঘসূত্রিতা। বিশেষ করে মামলার পলাতক আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু এবং চার্জগঠন শেষে সাক্ষ্যগ্রহণ শুরু হওয়ার প্রক্রিয়ায় দেখা দেয় নানা জটিলতা।

চট্টগ্রাম পুলিশ সুপার নূরে আলম মিনা বলেন, মাদক মামলায় তদন্ত রিপোর্ট পেতে একটা জটিলতা দেখা দেয়।

আদালত সূত্রে জানা গেছে, চলতি বছরের মে মাস পর্যন্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজের অধীন বিভিন্ন আদালতে ১৯ হাজার ৮শ মামলা বিচারাধীন। এর বাইরে জেলা দায়রা জজের অধীন আদালতগুলো বিচারাধীন রয়েছে আরো অন্তত ৫ হাজার মামলা।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, বিচারক সঙ্কট উত্তোরণ হলে এবং সাক্ষ্য যদি দ্রুত আসে, তাহলে হয়তো মামলাগুলো দ্রুত নিস্পত্তি করা যাবে।

আইনজীবীরা জানান, মাদকবিরোধী অভিযানে অংশ নেয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা, মামলার বাদী এবং তদন্তকারী কর্মকর্তা হিসেবে থাকা পুলিশ কর্মকর্তারাই সাক্ষ্য দিতে আদালতে আসছেন না।

সিএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ উল হাসান বলেন, পুলিশ চার্জশিট আদালতে জমা দেওয়া আর আদালতের কার্যক্রম শুরু হতে ২-৩ বছরের একটা ব্যবধান হয়। এতে করে সাক্ষীরা জায়গা মতো থাকে না।

নগরীর এবং জেলার ৩২টি থানায় তদন্ত পর্যায়ে রয়েছে মাদক আইনে দায়েরকৃত আরো কয়েকশ মামলা। এর মধ্যে মে এবং জুন মাসেই সবচেয়ে বেশি মামলা দায়ের করা হয়েছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *