২ দিনের সফরে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

২ দিনের সফরে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

দশম বারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রথমবার দুই দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৬ জানুয়ারি) সকালে ঢাকা থেকে সড়কপথে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন।

টুঙ্গিপাড়া পৌঁছে প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের রূহের মাগফিরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিবেন। এসময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা ও পারিবারের সদস্যদের উপস্থিত থাকার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার প্রধানমন্ত্রী ও তার পরিবারের সদস্যরা টুঙ্গিপাড়ায় রাত্রিযাপন করবেন।

শনিবার (৭ জানয়ারি) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে নবগঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন।

এরপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নবগঠিত কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির প্রথম বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। পরে প্রধানমন্ত্রী গোপালগঞ্জ সদর, টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার ২৮টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ধোয়ামোছা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শেষ হয়েছে। জেলাজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। টুঙ্গিপাড়া ও বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্স এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে।

টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশম বারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় টুঙ্গিপাড়া তথা সারা জেলার নেতা-কর্মিরা খুশি। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া আসছেন এতে দলের নেতা কর্মীরা উজ্জ্বীবিত। আমরা চাই শেখ হাসিনা আমৃত্যু এই দায়িত্বে থাকবেন। তাহলে দল ও দেশ উপকৃত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *