পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রত্যাঘাত করলো রাশিয়া। তারা জানিয়েছে, ৩৬টি দেশের বিমান রাশিয়ার আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এর মধ্যে ইইউ-এর ২৭টি দেশ ছাড়াও যুক্তরাজ্য, কানাডার মতো কয়েকটি দেশ আছে।
ইইউ, যুক্তরাজ্য, কানাডা এর আগে সিদ্ধান্ত নেয় যে, রাশিয়ার বিমান তাদের আকাশসীমায় ঢুকতে পারবে না। এরপরই সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাশিয়া জানিয়ে দিয়েছে, তারাও ৩৬টি দেশকে তাদের আকাশসীমায় ঢুকতে দেবে না।
কতদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে তা রাশিয়া জানায়নি। পশ্চিমা দেশগুলিও এর আগে জানায়নি, কতদিন পর্যন্ত তারা রাশিয়াকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেবে না। এর ফলে বাণিজ্যিক বিমান চলাচলে বিপুল প্রভাব পড়বে। ইউরোপ থেকে পূর্ব এশিয়ার দিকে যেতে হলে বিমানগুলি রাশিয়ার আকাশসীমা ব্যবহার করে।
শুক্রবার যুক্তরাজ্য প্রথমে জানায়, রাশিয়ার বিমান তাদের আকাশসীমায় ঢুকতে পারবে না। তারপর অন্য দেশগুলিও এই সিদ্ধান্ত নেয়। তবে মানবিক কারণে বিমান চলাচল ও কূটনৈতিক মিশন এই নিষেধাজ্ঞা থেকে ছাড় পাবে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কূটনীতিকদের নিয়ে বিমান ওঠানামা করতে পারবে।
এমনিতে সুইজারল্যান্ড কোনো পক্ষ নেয় না, তারা আন্তর্জাতিক কোনো বিরোধের ক্ষেত্রে নিরপেক্ষ অবস্থান নেয়। কিন্তু সোমবার সুইজারল্যান্ডও জানিয়ে দিয়েছে, তারা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করবে। তারা রাশিয়ার বিমান ও সে দেশের কোনো বেসরকারি বিমানকে সুইজারল্যান্ডে ঢুকতে দেবে না।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তিনি তার প্রস্তাবিত জেনিভা সফরে যাবেন না। সেখানে জাতিসংঘের মানবাধিকার পরিষদে তার ভাষণ দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি জানিয়েছেন, যেভাবে ইইউ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে, তার প্রতিবাদে তিনি সফর বাতিল করেছেন।


