৩ দিনের মধ্যে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমতে পারে গরম

৩ দিনের মধ্যে বৃষ্টি বাড়ার সম্ভাবনা, কমতে পারে গরম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : আগামী তিন দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে, যা বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়িয়ে দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে ঢাকায় ছিল অস্বস্তিকর গরম। রাতে অনেকেই গরমে ঘুমাতে পারেননি। এমনকি গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রাও রেকর্ড করা হয়েছে ঢাকায়, ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। তবে শনিবার সকাল থেকে আকাশে মেঘের আনাগোনা চোখে পড়ছে, যদিও গরমে অস্বস্তি কাটেনি।

আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ জানিয়েছেন, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে।

‘আগামী তিন দিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের সৃষ্টি হতে পারে এবং বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে’- বলেন এ আবহাওয়াবিদ।

তিনি আরও বলেন, ‘শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।’

এসময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান আবহাওয়াবিদ রুহুল কুদ্দুছ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *