৪১৯ জন যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট, মোট ফ্লাইট পরিচালনা করা হবে ৩৫৯টি

৪১৯ জন যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট, মোট ফ্লাইট পরিচালনা করা হবে ৩৫৯টি

পাথেয় ডেস্ক : ৪১৯ জন যাত্রী নিয়ে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে গেছে প্রথম হজ ফ্লাইট। আজ শনিবার সকাল ৭টা ৫২ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট ওই যাত্রীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। খবর ইউএনবির।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল ও ধর্মমন্ত্রী মতিউর রহমান বিমানবন্দরে যাত্রীদের বিদায় জানান।

আজ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আরও তিনটি হজ ফ্লাইট রয়েছে।

১১ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আশকোনায় হজক্যাম্পে হজ কার্যক্রমের উদ্বোধন করেন।

এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন মুসল্লি হজে যাবেন। এর মধ্যে ৬৩ হাজার ৫৯৯ জন বিমান বাংলাদেশ এয়ারলাইনসে জেদ্দা যাবেন। তাঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৭ হাজার ১৯৮ জন। বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৫৬ হাজার ৪০১ জন।

দুই মাসব্যাপী হজ ফ্লাইট পরিচালনায় শিডিউল ফ্লাইটসহ মোট ৩৫৯টি ফ্লাইট পরিচালনা করা হবে। যার মধ্যে ২৯৮টি ডেডিকেটেড ও ৬১টি শিডিউল ফ্লাইট। ১৪ জুলাই থেকে আগামী ১৫ আগস্ট পর্যন্ত হজের আগে মোট ১৮৭টি ফ্লাইট যাবে। হজ-পরবর্তী ১৭২টি ফ্লাইট চলবে আগামী ২৭ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রত্যেক হজযাত্রী সর্বাধিক ৪৬ কেজি মালামাল ও কেবিন ব্যাগেজে ৭ কেজি মালামাল সঙ্গে নিতে পারবেন। প্রত্যেক হজযাত্রীর জন্য ৫ লিটার জমজমের পানি নিয়ে আসা হবে। তাঁরা ফিরে এলে তাঁদের তা দেওয়া হবে। হাজিরা কোনোভাবেই নিজেরা পানি বহন করতে পারবেন না।

১৯৭৩ সাল থেকে শুরু করে এ পর্যন্ত ৯ লাখ ৯৭ হাজার ৬৪৮ জন হজযাত্রী হজ পালনে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেবা নিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *