৭ মার্চে যৌন হয়রানি প্রতিবেদন ২২ এপ্রিল

৭ মার্চে যৌন হয়রানি প্রতিবেদন ২২ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাংলামোটরে মিছিলে এক তরুণীকে যৌন হয়রানির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২২ এপ্রিল ধার্য করেছেন আদালত।  রোববার এ মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার এসআই শফিকুল ইসলাম প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম ফাহদ বিন আমিন চৌধুরী প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ৭ মার্চ বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা ছিল। ক্ষমতাসীন দলটির বিভিন্ন ওয়ার্ড শাখা এবং ছাত্রলীগ, যুবলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকার বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে ওই জনসভায় যোগ দেন। বাংলামোটরে এ রকম একটি মিছিলের মধ্যে পড়ে একদল যুবকের হাতে যৌন নিপীড়নের শিকার হওয়ার কথা এক তরুণী তার ফেসবুকে পোস্ট করলে তা ভাইরাল হয়ে যায়।

ভিকটিম ফেসবুকে লেখেন, কলেজ থেকে ফেরার সময় এই জনসভার কারণে বাস না পেয়ে হাঁটতে হাঁটতে বাংলামোটরে আসার পর একটি মিছিলে থাকা একদল যুবক তাকে ঘিরে ফেলে যৌন নিপীড়ন করে। ১৫-২০ জন যুবক তাকে যৌন নিপীড়ন শুরু করলে এক পুলিশ সদস্য তাকে উদ্ধার করে একটি বাসে তুলে দেন।

যৌন হয়রানির ওই ঘটনায় ছাত্রীর বাবা রমনা থানায় মামলাটি দায়ের করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে অজ্ঞাত ১৫-২০ জনকে আসামি করা হয়। গত ৯ মার্চ মামলার এজাহার আদালতে এলে মামলাটি তদন্তের নির্দেশ দেন আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *