পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, তিনি খুব দ্রুতই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকা গ্রহণ করবেন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সম্প্রতি এই টিকায় রক্ত জমাট বাঁধার অভিযোগ উঠার প্রেক্ষাপটে জনগণকে আশ্বস্ত করতে তিনি এ ঘোষণা দিয়েছেন।
গত কয়েক সপ্তাহে ইউরোপের কয়েকটি দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে। টিকা নিলে রক্ত জমাট বাঁধছে- এমন অভিযোগের পর সতর্কতার অংশ হিসেবে বেশকিছু দেশ অ্যাস্ট্রাজেনেকার টিকা কর্মসূচি স্থগিত করে। তবে অ্যাস্ট্রাজেনেকার পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউরোপিয়ান মেডিসিন এজেন্সিগুলো জোর দিয়ে বলেছে- এই টিকাটি নিরাপদ। রক্ত জমাট হওয়া নিয়ে যা বলা হচ্ছে, তার সঙ্গে এই টিকা নেওয়ার কোনও সম্পর্ক নেই।
এদিকে বিবিসি জানিয়েছে, ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে যুক্তরাজ্য বিপুল পরিমাণ টিকা আমদানি করছে ব্রিটিশ জনসাধারণের জন্য। এই সেরাম ইন্সটিটিউট থেকেই বাংলাদেশ সরকার টিকা ক্রয় করেছে। ধারণা করা হচ্ছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী সেরাম ইন্সটিটিউটের তৈরী টিকাই গ্রহণ করবেন।


