অধ্যাপকের অস্বাভাবিক মৃত্যুতে কুয়েট বন্ধ ঘোষণা

অধ্যাপকের অস্বাভাবিক মৃত্যুতে কুয়েট বন্ধ ঘোষণা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)। এর প্রেক্ষিতে শুক্রবার (৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়টি বন্ধের ঘোষণা দেওয়া হয়। বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীদেরকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

গণমাধ্যমে পাঠানো এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন কুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রকৌশলী আনিসুর রহমান ভূঁইঞা। তিনি জানান, আজ ৩ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার কার্যক্রম বন্ধ থাকবে। ৭৬তম জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বন্ধের এই সময়ের মধ্যে ড. সেলিম হোসেনের মৃত্যুর সুষ্ঠু তদন্ত করা হবে।

ড. মো. সেলিম হোসেন ছিলেন কুয়েটের লালন শাহ হলের প্রভোস্ট। অভিযোগ রয়েছে, হলের ডাইনিং ম্যানেজার নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হন তিনি। এমনকি রুমে অবরুদ্ধ করে তাকে হুমকিও দেওয়া হয়েছে। এই ঘটনার পর বাসায় ফিরে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে গত ৩০ নভেম্বর হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়।

সহকর্মীর মৃত্যুতে একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে আন্দোলনে নেমেছেন কুয়েটের শিক্ষকরা। গত ২ ডিসেম্বর তাদের সঙ্গে যুক্ত হয় সাধারণ শিক্ষার্থীরাও। প্রতিবাদ সভা থেকে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করাসহ ৫ দফা দাবি তোলেন আন্দোলনকারীরা। এরই মধ্যে আজ ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *