অন্যের ওপর দোষ চাপানো আওয়ামী লীগের চরিত্র : ফখরুল

অন্যের ওপর দোষ চাপানো আওয়ামী লীগের চরিত্র : ফখরুল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নিজেরা ঘটনা ঘটিয়ে অন্যের ওপর দোষ চাপানো আওয়ামী লীগের আসল চরিত্র বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৩ এপ্রিল) রাজধানীর ইস্কাটনে লেডিস ক্লাবে বিএনপির চিকিৎসক সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ইফতার মাহফিলের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আপনারা দেখেছেন, নিউ মার্কেটের ঘটনায় নাহিদ ছেলেটা প্রাণ দিয়েছে, সে কুরিয়ার সার্ভিসের কর্মচারী ছিল। সে ওই পথ দিয়ে যাচ্ছিল তাকে পিটিয়ে, কুপিয়ে হত্যা করেছে হেলমেটধারী সন্ত্রাসীরা। এখন আমাদের সাংবাদিকরা ইনভেস্টিগেশন করে দেখেছেন, এ ঘটনায় যে তিন হেলমেটধারীকে চিহ্নিত করা হয়েছে তারা সবাই ছাত্রলীগ কর্মী।

বিএনপির মহাসচিব বলেন, এখন গ্রেপ্তার হয়েছেন বিএনপি নেতা মকবুল হোসেন। তিনি শুধু গ্রেপ্তার হননি। আরও ২৪ জনের নাম দিয়ে মামলা হয়েছে, তারা সবাই বিএনপির নেতা, ছাত্রদলের নেতাকর্মী। এটাই হচ্ছে আওয়ামী লীগের আসল চরিত্র। খুন করবে তারা, আগুন দিয়ে বাড়িঘর পুড়িয়ে দেবে তারা। আবার সেই বাড়িতে ত্রাণ নিয়ে হাজির হবে তারা।

কার মাধ্যমে আওয়ামী লীগ টিকে? প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রযন্ত্র, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমলা, প্রশাসন, বিচার বিভাগ এদের সহায়তা নিয়ে তারা ক্ষমতায় টিকে আছে।

ড্যাবের সভাপতি অধ্যাপক হারুনুর রশীদের সভাপতিত্বে ও মহাসচিব অধ্যাপক আব্দুস সালাম ও দপ্তর সম্পাদক ডা. ফখরুজ্জামানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, একেএম আজিজুল হক, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *