অব্যাহত থাকতে পারে বৃষ্টি

অব্যাহত থাকতে পারে বৃষ্টি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারাদেশেই বৃষ্টি হচ্ছে। তাপমাত্রাও অনেকটা কমে জনজীবনে স্বস্তি ফিরেছে। বৃষ্টির এ প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের আওতা কমেছে। শনিবার বাকি অংশ থেকেও তাপপ্রবাহ দূর হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

গত কয়েক দিন ধরে দেশের উত্তরাঞ্চল ছাড়া দেশের অন্যান্য অংশ ছিল প্রায় বৃষ্টিহীন। এতে দেশের বেশির ভাগ অঞ্চলের মানুষ গরমে কষ্ট পাচ্ছিল। বিভিন্ন অঞ্চলে বইছিল তাপপ্রবাহ। শুক্রবার থেকে বেড়েছে বৃষ্টি। সব বিভাগেই বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও হচ্ছে অতিভারি বৃষ্টি।

শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সব বিভাগে বৃষ্টি হয়েছে। বৃষ্টির প্রবণতা বেশি ছিল চট্টগ্রাম বিভাগে। এ সময়ে সবচেয়ে বেশি ১১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে সীতাকুণ্ডে।

গত কিছুদিন বৃষ্টিহীন থাকার পর গত রাতে ঢাকায়ও বৃষ্টি হয়েছে। অস্বস্তিকর গরমে এ বৃষ্টি নগরজীবনে নিয়ে এসেছে স্বস্তি। গত রাতে ঢাকায় ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানান, শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

গত বুধবার রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, খুলনা, যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুমিল্লা এবং ভোলা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। শুক্রবার যশোর ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বইছিল। শনিবার এ দুটি জেলা থেকেও তাপপ্রবাহ দূর হতে পারে বলে জানিয়েছেন মনোয়ার হোসেন।

শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গায় আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে, ২৪ ডিগ্রি সেলসিয়াস।

মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *