পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম জানিয়েছেন, গুলশান ও বারিধারার মতো অভিজাত এলাকায় অতিরিক্ত ট্যাক্স দিয়ে গাড়ি চালাতে হবে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর মালিবাগ-খিলগাঁও এলাকায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ-ডিটিসিএ কর্তৃক বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মেয়র বলেন, রাস্তায় গাড়ির সংখ্যা অনেক বেড়ে গেছে। এতে যানজট হচ্ছে। এজন্য পরিকল্পনা হচ্ছে, অভিজাত এলাকার সড়কে গাড়ি নিয়ে ঢুকলে ট্যাক্স দিতে হবে।
ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, গুলশান-১ থেকে গুলশান-২ নম্বর, কাকলি থেকে গুলশান কিংবা বারিধারা, শুধু গাড়ি আর গাড়ি। একেটি পরিবারের মা-বাবা, ছেলে-মেয়ে—প্রত্যেকের গাড়ি আছে। গাড়ির ভিড়ে যানজট হচ্ছে, মানুষ গালিগালাজ করছে। কিন্তু কেন এত ভিড় হচ্ছে, এ নিয়ে কেউ ভাবছেন না।
তিনি বলেন, এবার দিবসটির মূল প্রতিপাদ্য বিষয় ‘গণপরিবহনে ও হেঁটে চলি, ব্যক্তিগত গাড়ি সীমিত করি’ যা সময়োপযোগী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহার করে যানজট এবং বায়ু দূষণ কমানো সম্ভব।
মেয়র বলেন, নগরীতে বড় বড় ফুটপাত নির্মাণ করা হলেও বিভিন্ন কায়দায় সেগুলো দখল হয়ে যায়, আর ফুটপাত দিয়ে হাঁটতে না পেরে জনগণকে রাস্তা দিয়ে হাঁটতে হয় ফলে যানজট বৃদ্ধি পায়। সুস্থতার জন্য লোকজন যাতে নির্দিষ্ট জায়গায় সাইকেল চালাতে পারে এবং ফুটপাত দিয়ে হাঁটতে পারে সেজন্য সকলের আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন।
আতিকুল ইসলাম বলেন, মেয়র কিংবা কাউন্সিলর কারও একার পক্ষেই শহরকে রক্ষা করা সম্ভব নয়, দলমত নির্বিশেষে সকলকে জনকল্যাণে এগিয়ে আসতে হবে। সবাই মিলে অবৈধ দখলদারদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে এবং অন্যায়ের প্রতিবাদ করতে হবে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতেই হবে।
তিনি বলেন, রুট পারমিট এবং ফিটনেসবিহীন কোনো গাড়ি রাস্তায় চলাচল করতে পারবে না। নির্দিষ্ট সময়ের জন্য চাঁদামুক্তভাবে ফুটপাতে ব্যবসার পরিবেশ সৃষ্টির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
অনুষ্ঠানে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক, ডিটিসিএর নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।


