নিজস্ব প্রতিবেদক ● জেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত মোবাইল কোর্টের ১ হাজার ৭টি অভিযানে আদায়কৃত ১ কোটি ২ লাখ ৬৬ হাজার টাকার জরিমানা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। বিগত ১১ মাসে পরিচালিত এসব অভিযানে এই জরিমানা আদায় করা হয়।
নাটোর জেলা প্রশাসকের কার্যালয় সুত্রে জানা যায়, জুন ২০১৬ থেকে এপ্রিল ২০১৭ পর্যন্ত পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে ২ হাজার ২৯টি মামলা রুজু করা হয়। এসব মামলায় অভিযুক্ত ২ হাজার ২৩৭ জনের মধ্যে ৮৭১ জনকে কারাদন্ড প্রদান করা হয়।
উল্লে¬খিত অভিযানের মধ্যে মাদক সংক্রান্ত বিষয়ে সর্বোচ্চ ৪০৬টি অভিযানে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ অনুসারে ৭০৬টি মামলা রুজু করা হয়। এসব মামলায় অভিযুক্ত ৮১৫ জনের মধ্যে ৭২৮ জনকে কারাদন্ড প্রদান করা হয়। এক্ষেত্রে আদায়কৃত জরিমানার পরিমাণ ১২ লাখ ৮০ হাজার টাকা। মোবাইল কোর্টে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ২০৮টি মামলার বিপরীতে ১০ জন ব্যক্তিকে কারাদন্ড প্রদান করা হয় এবং আদায়কৃত জরিমানার পরিমাণ ৪৪ লাখ ৪ হাজার টাকা।
এছাড়া মোবাইল কোর্টের মাধ্যমে বাল্যবিবাহ নিরোধ আইনে ৪৭টি বাল্য বিবাহ প্রতিরোধ এবং দন্ডবিধির ৫০৯ ধারায় ইভটিজিং অপরাধে ৪ জনকে দন্ড প্রদান ছাড়াও প্রায় লাখ টাকা জরিমানা আদায় করা হয়।


